মুম্বই: ব্যাট হাতে আগুনে ফর্মে রয়েছেন শুভমান গিল। শুক্রবার অধিনায়কের ব্যাটে ভর করেই হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ভিত গড়েছিল গুজরাত টাইটান্স। তাঁর ৩৮ বলে ৭৬ রানেই আত্মবিশ্বাস ভেঙে যায় প্যাট কামিন্সদের। ইতিমধ্যে ১০ ম্যাচে ৪৬৫ রান করে ফেলেছেন গিল। ম্যাচ শেষে গুজরাতের তারকা স্পিনার রশিদ খান ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়কের। তিনি বলেন, ‘শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, নেতা হিসেবেও অনেক পরিণত শুভমান। ও ভারতীয় দলের সম্পদ। সবচেয়ে বড় কথা, কোচ আশিস নেহেরার সঙ্গে ওর সম্পর্ক দারুণ। কোচ যা বলেন, তা যথাযথভাবে পালন করে। সত্যি বলতে কী, দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে গিল। দলের উন্নতির বড় কারণ সেটাই।’



