নয়াদিল্লি: পড়শি পাকিস্তানে বিশ্বাস নেই। বৃহস্পতিবার রাতের হামলা ফেরে ঘটতে পারে। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে সবদিক থেকে প্রস্তুত থাকতে চাইছে দিল্লি। সেই লক্ষ্যেই দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৎপর হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। সেখানে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান এ পি সিং, নৌসেনা প্রধান চিফ অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি এবং প্রতিরক্ষা সচিব রাজেশ সিং। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন নিরাপত্তা নিয়ে শীর্ষস্তরের বৈঠক করেন। সেখানে দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়েও কথা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, আইবি’র ডিরেক্টর তপন ডেকা এবং বিএসএফ, সিআইএসএফ ও অসামরিক বিমান পরিবহণের ডিজিরা।



