মুল্লানপুর: নিউ চন্ডীগড় নামে ডাকা হচ্ছে মুল্লানপুর শহরকে। চন্ডীগড় থেকে ১৮ কিমি দূরে সেখানেই নতুন স্টেডিয়াম তৈরি করেছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা। শনিবার সেখানেই পাঞ্জাব কিংসকে ৫০ রানে হারাল রাজস্থান রয়্যালস। এদিন প্রথম আইপিএলে এই মাঠে দু’শোর গণ্ডি টপকাল কোনও দল। প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসনরা চার উইকেট হারিয়ে তোলে ২০৫। জবাবে ৯ উইকেটে ১৫৫ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। ব্যাট হাতে লড়াই করেও শেষ রক্ষা করতে ব্যর্থ নেহাল।
২০৬ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই জোফ্রা আর্চারের জোড়া ধাক্কায় ড্রেসিং-রুমে ফেরেন প্রিয়াংশ আর্য্য (০) ও অধিনায়ক শ্রেয়স আয়ার (১০)। ৪৩ রানে চার উইকেট পড়ার পর নেহাল ওয়াধেরা (৬২) ও গ্লেন ম্যাক্সওয়েল (৩০) লড়াইয়ে ফেরান হোম টিমকে। কিন্তু তাঁরা আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাঞ্জাব। রাজস্থানের সফলতম বোলার জোফ্রা আর্চার (৪-৩)।
রাজস্থানের ইনিংসের নায়ক যশস্বী জয়সওয়াল। কোটিপতি লিগের চলতি আসরে আসছিল না বড় রান। তিন ইনিংসে করেছিলেন মাত্র ৩৪। তার আগে দেশের হয়ে শেষবার নামেন ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে। কিন্তু তাতেও ফেরেন ১৫ রানে। এরমধ্যে মুম্বই ছেড়ে তাঁর গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। এই আবহেই শনিবার যশস্বীর ব্যাটে এল ৬৭ রান।
কিপিং করার ক্ষেত্রে বোর্ডের সবুজ সঙ্কেত পাওয়ায় এই ম্যাচ থেকেই রাজস্থানের নেতৃত্বে ফিরলেন সঞ্জু স্যামসন। যশস্বীর সঙ্গে ওপেনিং জুটিতে ৮৯ রান যোগ করেন তিনি। ২৬ বলে ৩৮ রান করেন সঞ্জু। তাতে ছিল ছ’টি বাউন্ডারি। তিনে নামা রিয়ান পরাগ ঝড় তোলেন ডেথ ওভারে। ২৫ বলে ৪৩ রানে নট আউট থাকেন তিনি। রিয়া তিনটি ছক্কা ও তিনটি চার মারেন। পাঞ্জাবের সফলতম বোলার লকি ফার্গুসন (২-৩৭)।