গুয়াহাটি: অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বৈভব সূর্যবংশীর পরাক্রম এখনও টাটকা। আইপিএলের শুরুতেও বুঝিয়ে দিলেন ফর্মেই আছেন তিনি। বাঁ হাতি বিস্ময় ব্যাটারের দাপটে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হেলায় হারাল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ১২৭ রানে মুড়িয়ে যায় চেন্নাই। জবাবে ৪৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান (১২৮-২)। মাত্র ১৭ বলে ৫২ রান করলেন বৈভব। ঝোড়ো ইনিংসে রয়েছে ৫টি বিশাল ছক্কা। টি-২০ ক্রিকেটে এত কম রানের পুঁজি নিয়ে লড়াই করা কঠিন। তার উপর শুরুতেই বৈভবের ক্যাচ ফেলেন কার্তিক শর্মা। চেন্নাইয়ের প্রত্যাবর্তনের আশা ওখানেই শেষ। যশস্বী জয়সওয়াল অপরাজিত থাকেন ৩৮ রানে। ধোনিহীন চেন্নাই ছিটেফোঁটা লড়াই করতে ব্যর্থ।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম ম্যাচে হতাশ করলেন সঞ্জু স্যামসন। তাঁর সংগ্রহ মাত্র ৬ রান। আসলে টস হারাটাই কাল হল হলুদ জার্সিধারীদের। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলছিলেন, এই পিচে আগে বল করতাম আমরাও। কিন্তু টস জেতার সুযোগ কাজে লাগালেন রাজস্থান রয়্যালসের বোলাররা। পেসার নান্দ্রে বার্গারের আগুনে পেসে ঝলসে গেল চেন্নাইয়ের টপ অর্ডারে। সঞ্জুর পর ফেরেন ঋতুরাজ গায়কোয়াড় (৬), আয়ূষ মাত্রে (০)। সরফরাজ খান প্রত্যাঘাতে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজার চেষ্টা করেন। কিন্তু তাঁর লড়াই থামে ১৭ রানে। অলরাউন্ডার জেমি ওভারটন ৪৩ রান না করলে চেন্নাইয়ের স্কোর ১২৭ তুলতে পারত না। চেন্নাই ছেড়ে রাজস্থানে যোগ দেওয়া স্পিনার রবীন্দ্র জাদেজা ১৮ রানে নিলেন ২টি উইকেট। সমসংখ্যক শিকার আর্চার, বার্গারেরও।