Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কমছে বৃষ্টির দাপট, স্বস্তি ফিরল মুম্বইয়ে, অমিতাভ বচ্চন ও অজয় দেবগনের বাড়িতেও জল

টানা কয়েকদিনের অবিশ্রান্ত বর্ষণের পর অবশেষে কিছুটা স্বস্তি। বুধবার কমল বৃষ্টির দাপট। ফলে ধীরে ধীরে ছন্দে ফিরছে মুম্বইয়ের জনজীবন। এদিন সকাল থেকেই স্বাভাবিক হয় শহরের গণপরিবহণ ব্যবস্থা।

কমছে বৃষ্টির দাপট, স্বস্তি ফিরল মুম্বইয়ে, অমিতাভ বচ্চন ও অজয় দেবগনের বাড়িতেও জল
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই:  টানা কয়েকদিনের অবিশ্রান্ত বর্ষণের পর অবশেষে কিছুটা স্বস্তি। বুধবার কমল বৃষ্টির দাপট। ফলে ধীরে ধীরে ছন্দে ফিরছে মুম্বইয়ের জনজীবন। এদিন সকাল থেকেই স্বাভাবিক হয় শহরের গণপরিবহণ ব্যবস্থা।  ভোররাত থেকেই শুরু হয় লোকাল ট্রেন পরিষেবাও। আবহাওয়া দপ্তর অবশ্য এদিন কমলা সতর্কতা জারি রেখেছিল। আজ বৃহস্পতিবারও থাকছে হলুদ সতর্কতা। গত কয়েকদিনের প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ে মুম্বই ও মহারাষ্ট্রে বিভিন্ন জেলা। 

Advertisement

এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের পশ্চিম অংশে মোট ২০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। অন্যদিকে দক্ষিণ মুম্বইয়ে হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি’। দুর্যোগ সম্পূর্ণ কাটতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয়েছে।  এদিন বৃষ্টির দাপট কমলেও জল নামেনি বাণিজ্য নগরীর একাধিক জায়গায়।  জলমগ্ন অমিতাভ বচ্চন, অজয় দেবগন সহ একাধিক সেলেব্রিটির বাসভবন চত্বরও।  আর এই ঘটনা ক্যামেরাবন্দি  করতে ভিড় জমাচ্ছেন ভ্লগাররা। 
কয়েকদিনের লাগাতার বৃষ্টি মুম্বইয়ের মতো ব্যস্ত শহরের ছবি আমূল বদলে দেয়। জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক রাস্তা, আন্ডারপাস। মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন অংশ লাল সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। ছুটি ঘোষণা হয় শহরের স্কুলগুলিতে। বন্ধ করতে হয় লোকাল ট্রেন সহ একাধিক গণপরিবহণও। পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে মঙ্গলবার। মাঝপথে আটকে যায় মনোরেল। ভিতরে ছিলেন অন্তত ৮০০ জন যাত্রী। সকলকেই উদ্ধার করে প্রশাসন। 
মহারাষ্ট্রের বিভিন্ন অংশে প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বানভাসি এলাকাগুলি থেকে কয়েকশো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা ও বিপর্যয় মোকাবিলা দল। 

সম্পর্কিত সংবাদ