Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বর্ষা ঢুকল উত্তরবঙ্গে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে।

আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি  কমবে, বর্ষা ঢুকল উত্তরবঙ্গে
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়নি কোথাও। জনজীবন মোটামুটি স্বাভাবিক ছিল। তবে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী দু’দিন বেশি মাত্রায় বৃষ্টি বলে আবহাওয়া অফিস জানিয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আজ শুক্রবার থেকে কমবে। এদিকে, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করেছে। 

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় এদিন নবান্নে বলেন, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বেশি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন প্রস্তুত আছে। মুখ্যসচিব মনোজ পন্থ বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন। জেলা পর্যায়ে বিভিন্ন স্তরের প্রশাসনিক ও পুলিস আধিকারিকদের সতর্ক থেকে প্রয়োজন অনুসারে ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। প্রয়োজনে লোকজনকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে। 
আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথা জানিয়েছিল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী কোনও জায়গা দিয়ে সেটি উপকূল অতিক্রম করবে বলে সকালে জানায় আবহাওয়া দপ্তর। শেষ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকা দিয়ে তা উপকূল অতিক্রম করে উত্তর-পূর্ব অভিমুখে অগ্রসর হয়। সন্ধ্যার পর এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটির গতিপ্রকৃতির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হয়েছে। 
উত্তরবঙ্গে এদিন বর্ষা ঢুকেছে। নিম্নচাপের ধাক্কায় উত্তর বঙ্গোপসাগরে রাজ্যের উপকূলের অনেকটা কাছেই বর্ষা চলে এসেছে। শীঘ্রই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে। তবে দক্ষিণবঙ্গের বড় অংশে বর্ষা শুরু হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ