নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভিজে ধান নিয়ে চাষিদের রাতের ঘুম উড়ে গিয়েছে। সম্প্রতি কয়েকবার বৃষ্টি হওয়ায় জমিতে জল জমে গিয়েছে। হাওয়ায় ধান মাটিতে পড়ে গিয়েছে। ভিজে ধান কেটে চাষিরা ঘরে তুললেও তা ব্যবসায়ীরা কিনতে চাইছেন না। সরকারও এখনও তেমনভাবে ধান কিনতে শুরু করেনি। চাষিরা বলেন, ভিজে ধান বিক্রি হচ্ছে না। বাড়িতে জমিয়ে রাখলে তা কালো হয়ে যাচ্ছে। সেই ধানের দাম পাওয়া যাবে না। বাধ্য হয়ে পিচ রাস্তায় অনেকে ধান শুকাচ্ছেন। মেমারির বড়পলাশন গ্রামের চাষি শেখ গালিব বলেন, এবার ধানের ফলন ভালো হয়েছিল। কিন্তু বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়ে গেলে। ধান কেটে তড়িঘড়ি করে তা মেশিনে ঝাড়াই বাছাই করতে হচ্ছে। তাতে খড় পাওয়া যাচ্ছে না। আবার ভিজে ধান সরকার ক্রয়কেন্দ্রে কিনতে চাইছে না। খোলা বাজারেও তা বিক্রি হচ্ছে না। বাড়িতে জমিয়ে রাখলে ধান আর বিক্রি হবে না। সেই কারণে অনেকে ক্ষতি করেও কম দামে ধান বিক্রি করছেন। আরেক চাষি রাজু দত্ত বলেন, শেষ মুহূর্তে বৃষ্টি না হলে এবার চাষিরা লাভের মুখ দেখতেন। ধান ভিজে যাওয়ায় দাম পাওয়া যাচ্ছে না। সবার ধান শুকানোর জন্য বড় খামার নেই। অনেকে বাধ্য হয়ে রাস্তায় ধান শুকাতে বাধ্য হচ্ছেন। দুর্ঘটনা হওয়ায় পুলিস রাস্তায় ধান শুকাতে দিচ্ছে না। ভিজে ধান গোলাতেও তোলা যায় না। বাড়ির কোথাও ডাঁই করে রাখতে হচ্ছে।



