Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অহেতুক অ্যালার্ম চেনে টান, কঠোর শাস্তির পথে রেল

ট্রেনে সফর করার সময় অকারণে অ্যালার্ম চেন টানলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা। রেলের বক্তব্য, চেন টানার কারণে প্রতিদিন লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছচ্ছে।

অহেতুক অ্যালার্ম চেনে টান, কঠোর শাস্তির পথে রেল
  • ২৮ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেনে সফর করার সময় অকারণে অ্যালার্ম চেন টানলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা। রেলের বক্তব্য, চেন টানার কারণে প্রতিদিন লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছচ্ছে। এর ফলে বহু যাত্রী চাকরির পরীক্ষা, ইন্টারভিউ, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন। ট্রেন নির্দিষ্ট সময়ের তুলনায় বেশিক্ষণ ট্র্যাকে থাকায় মালগাড়ি ও অন্যান্য যাত্রীবাহী গাড়ি চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। সময়ে গন্তব্যে পৌঁছচ্ছে না। হাওড়া, শিয়ালদহের মতো দেশের অন্যতম ব্যস্ত স্টেশনগুলি পূর্ব রেলের আওতায়। লাগাতার ট্রেনের চেন টানার ঘটনা বাড়তে থাকায় পরিষেবার মানে খামতি দেখা দিচ্ছে। এবার এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল। 

Advertisement

চেন টানার ঘটনা থেকে অভিযুক্ত যাত্রীদের বিরত করা কিংবা তাঁকে রেল পুলিসের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে। পরিসংখ্যান বলছে, এক এপ্রিল ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ এই সময়কালে পূর্ব রেলে এক হাজার ৮৮২টি চেন টানার ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় ১৫৭টি করে চেন টানার ঘটনা ঘটেছে। আপৎকালীন পরিস্থিতির জন্য বরাদ্দ এই ব্যবস্থার অপব্যবহারের মাত্রা দিন দিন বাড়ছে। অযথা চেন টানার কারণে গত অর্থবর্ষে ৭৮৫টি দূরপাল্লার ট্রেন ও ১০৫টি প্যাসেঞ্জার ট্রেন সময়ে গন্তব্যে পৌঁছতে পারেনি। অন্যদিকে চলতি অর্থবর্ষে এক এপ্রিল থেকে ২৫ মে, এই সময়কালে ইতিমধ্যেই ৩১৪টি চেন টানার ঘটনা নথিভুক্ত হয়েছে। যা এক কথায় রেকর্ড। যার জন্য ১১৪টি দূরপাল্লার ট্রেন ও ১৪টি প্যাসেঞ্জার ট্রেন সময়ে চলতে পারেনি। রেলের চমকে দেওয়া হিসাব বলছে, ১ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ৮৭২টি চেন টানার ঘটনা ঘটেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ