নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মর্মান্তিক দুর্ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভবঘুরের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে কল্যাণীর দিক থেকে সোদপুরের দিকে আসছিল একটি বাইক। বাইকের মধ্যে ছিল মা ও ছেলে। যুবকের নাম কৌশিক ঘোষ এবং তাঁর মা অর্পিতা ঘোষ। বারাকপুরের কে এম ডি এ গেটের কাছে হাইওয়ের ধার দিয়ে হেঁটে যাওয়া এক ভবঘুরেকে সজোরে গিয়ে ধাক্কা মারে বাইকটি। সেই জেরে ছিটকে গিয়ে পড়েন ওই ভবঘুরে। পাশাপাশি ছিটকে পড়েন বাইকে থাকা ওই যুবক এবং তাঁর মা। এরপর এই ভয়াবহ দুর্ঘটনা দেখে ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যেখানে কর্মরত চিকিৎসক ভবঘুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানান। মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে বাইকে থাকা ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর মা চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।



