নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চারিদিকে পুজোর আমেজ। আর ঠিক তারই মধ্যে বড়ো সাফল্য পেল রাজ্য এসটিএফের দল। একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিস পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
জানা গিয়েছে, গোপন সূত্রে এই অবৈধ অস্ত্র কারখানার খবর পেয়েছিল এসটিএফের দল। আর সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কলকাতার নাদিয়াল থানা এলাকার আয়ুবনগরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি সেভেন এমএম পিস্তল ও দুটি দেশি আগ্নেয়াস্ত্র। সেইসঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজ। পাশাপাশি রয়েছে অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রী থেকে ওই বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারী দল। এই অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁকে চিহ্নিত করা হয়েছে বলে এসটিএফ সূত্রের খবর। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি চালাচেছ তদন্তকারী দল। সেইসঙ্গে এই অবৈধ অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।



