বেঙ্গালুরু: শনিবার বিরাট কোহলিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের সামান্যতম সম্ভাবনা জিইয়ে রাখার জন্য জেতা জরুরি অজিঙ্কা রাহানেদের। তার জন্য বুধবারই বেঙ্গালুরুতে জমায়েত হওয়া শুরু করেছেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা। কয়েকজন অবশ্য বৃহস্পতিবার আসবেন শহরে। সেই তালিকায় রয়েছেন কুইন্টন ডি’কক। একসময় অবশ্য তাঁর ফেরা নিয়ে সংশয় ছিল। তবে প্রোটিয়া কিপার নিজেই যাবতীয় সংশয় দূর করে শিবিরে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। একইভাবে অজি পেসার স্পেনসার জনসনও অনিশ্চয়তা দূর করেছেন। তিনিও আসছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে। তবে ইংল্যান্ড থেকে মঈন আলি আসবেন কিনা তা এখনও পরিষ্কার নয়।
আন্দ্রে রাসেল ও সুনীল নারিন অবশ্য বুধবারই চলে এসেছেন বেঙ্গালুরুতে। দুবাই থেকে তাঁরা উড়ান ধরেন। দুই তারকার সঙ্গেই এসেছেন অলরাউন্ডার রভম্যান পাওয়েল ও কেকেআরের মেন্টর ডোয়েন ব্রাভো। আর নাইটদের ভারতীয় ক্রিকেটাররা বিভিন্ন ব্যাচে বুধবার পা রাখেন গার্ডেন সিটিতে। আপাতত ঠিক হয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়মে দুটো প্র্যাকটিস সেশন করবেন রিঙ্কু, বেঙ্কটেশ আয়াররা। বৃহস্পতিবার ও শুক্রবার নেটে ঘাম ঝরাবেন তাঁরা। তবে রাহানে মুম্বইতেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন।
১২ ম্যাচে বেগুনি জার্সিধারীদের পয়েন্ট এখন মাত্র ১১। বাকি দুটো ম্যাচ জিতলে নাইটরা পৌঁছবে ১৫ পয়েন্টে। গুজরাত টাইটান্স (১১ ম্যাচে ১৬ পয়েন্ট), আরসিবি (১১ ম্যাচে ১৬ পয়েন্ট) ও পাঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৫ পয়েন্ট), মুম্বই ইন্ডিয়ান্স (১২ ম্যাচে ১৪ পয়েন্ট), দিল্লি ক্যাপিটালস (১১ ম্যাচে ১৩ পয়েন্ট) এই মুহূর্তে এগিয়ে রয়েছে কেকেআরের চেয়ে।