নয়াদিল্লি: শেষ টেস্ট খেলেছেন বছর দুয়েক আগে। ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর দেশের প্রতিনিধিত্ব করেননি চেতেশ্বর পূজারা। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পরিপ্রেক্ষিতে টিম ইন্ডিয়া এখন জোর দিয়েছে আগামীর জন্য দলগড়ায়। ৩৭ বছর বয়সি অবশ্য এখনও টেস্ট দলে ফেরার আশা ছাড়েননি। বরং সেই স্বপ্নই বহন করে চলেছেন তিনি। পূজারা বলেছেন, ‘ভারতের হয়ে ফের টেস্ট খেলতে পারলে দারুণ হবে। তবে এটাও ঠিক যে, কেরিয়ারের এই পর্যায়ে এসে আমি আর তা নিয়ে বেশি ভাবতে চাই না। বরং বাস্তবের মাটিতে পা রেখে চলতেই চাইছি। পাশাপাশি, এটাও ঠিক যে, ফের টেস্ট খেললে তার থেকে ভালো কিছু হতে পারে না।’
১০৩ টেস্টে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান রয়েছে পূজারার। প্রিয় লাল বলের ক্রিকেট থেকে দিনের পর দিন দূরে থাকার কোনও আক্ষেপ অবশ্য তাঁর নেই। পূজারার কথায়, ‘আমি শান্তিতেই রয়েছি। কোনও আপশোস নেই। এখনও উপভোগ করি ক্রিকেট। আনন্দের সঙ্গে খেলি। যতদিন আনন্দ পাব, ক্রিকেট খেলে যাব। আর তাই প্র্যাকটিসে ঘাম ঝরাই, ফিটনেসের দিকে খেয়াল রাখি। ভবিষ্যতে কী হবে তা আমার হাতে নেই। সেটা নিয়ন্ত্রণের বাইরে। বরং যা কিছু নিজের সাধ্যের মধ্যে, তাতে নজর দিই। তা সে ঘরোয়া ক্রিকেট বা ক্লাবের ম্যাচ কিংবা কাউন্টি ক্রিকেট হোক।’ ইংল্যান্ডে আসন্ন পাঁচ টেস্টের সিরিজ ভারতীয় দলের কাছে কঠিন হতে চলেছে বলে ধারণা পূজারার। তবে নতুন অধিনায়ক শুভমান গিলের কাছে এটা দুর্দান্ত সুযোগ বলেও মনে করছেন তিনি।