Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ অশিক্ষক কর্মীর বিরুদ্ধে, স্কুলে বিক্ষোভ

কালনা থানার বাঘনাপাড়া সিকেডি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ‘ব্যাড টাচের’ অভিযোগ উঠল বিদ্যালয়ের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে।

ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ অশিক্ষক কর্মীর বিরুদ্ধে, স্কুলে বিক্ষোভ
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: কালনা থানার বাঘনাপাড়া সিকেডি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ‘ব্যাড টাচের’ অভিযোগ উঠল বিদ্যালয়ের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার স্কুল খুলতেই পড়ুয়া ও অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে গেটের সামনে স্লোগান তুলে অভিযুক্তের শাস্তি দাবি করেন। খবর পেয়ে কালনা থানার পুলিস, ব্লক প্রশাসন স্কুলে পৌঁছয়। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিযুক্তকে ডেকে সতর্ক করা হয়। পরবর্তীতে এমন অভিযোগ উঠলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এদিন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়া ও সহ শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। যদিও অভিযুক্ত অশিক্ষক কর্মী ও প্রধান শিক্ষিকা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয় বলে জানান। 

Advertisement

এদিন সন্ধ্যা পর্যন্ত পুলিসের কাছে এই ঘটনার কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
কালনা বাঘনাপাড়ার সিকেডি উচ্চ বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরেই এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে কথায় কথায় নানা অছিলায় ছাত্রীদের গায় হাত দেওয়ার অভিযোগ উঠছিল। ছাত্রীরা প্রধান শিক্ষিকাকে জানালে তিনি বিষয়টি চেপে যেতে বলেন অভিযোগ। সোমবার বিদ্যালয় খুলতেই ছাত্রী ও অভিভাবকরা স্কুলের গেটে বিক্ষোভে ফেটে পড়েন। এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষিকা সবকিছু জেনেও ছাত্রীদের বিষয়টি চেপে যেতে বলেন। এটা কোনওভাবেই কাম্য নয়। আমরা চাই ওই অশিক্ষক কর্মীকে শাস্তি ও অন্যত্র বদলি করা হোক।
প্রধান শিক্ষিকা মিতা পাল বলেন, ছাত্রীরা আমার কাছে এসেছিল। আমি ওই অশিক্ষক কর্মীকে ডেকে বিষয়টি জানতে চাই। এমন ঘটনা যাতে আর না ঘটে, তাও বলা হয়। এদিন বৈঠকে সিদ্ধান্ত হয় যে, পরবর্তীতে এমন ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কালনা-১ বিডিও সুপ্রতীক সাহা বলেন, খবর পেয়ে জয়েন্ট বিডিও সহ অন্যান্যরা গিয়েছিলেন। স্কুলের বিষয়টি নিয়ে এদিন স্কুলে বৈঠক হয়েছে। সাতজনের কমিটি তৈরি হয়েছে। ছাত্রীদের অভিযোগ নিয়ে অশিক্ষক কর্মীকে সতর্ক করা হয়েছে। ছাত্রীদের অভিযোগ পুলিস তদন্ত করবে।  -নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ