নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার দিনভর ছাত্রদের অবস্থান বিক্ষোভ ঘিরে যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে উত্তেজনা ছড়াল। ৩০এপ্রিলের পর থেকে কলেজে প্রিন্সিপাল আসছেন না। তাঁর জায়গায় দায়িত্বে আছেন অধ্যাপিকা শ্রীমতি পণ্ডিত। কলেজের বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রিন্সিপালের বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়। প্রিন্সিপালের রুমের ভিতর অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্ররা। উল্লেখ্য, গত ২৯এপ্রিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর ওই কলেজে নতুন গভর্নিং বডি তৈরির জন্য প্রিন্সিপালকে নির্দেশ দেন। কিন্তু, সেই নির্দেশ মতো কমিটি গঠন না করেই প্রিন্সিপাল কলেজে গরহাজির থাকছেন।
তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি সুমন দাস এদিন কলেজ প্রাঙ্গণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, উপাচার্যের নির্দেশের এক সপ্তাহ পরও প্রিন্সিপাল গভর্নিং বডি তৈরি করছেন না। তিনি কলেজে আসছেন না। আমরা ২৪ঘণ্টা সময়সীমা দিয়েছি। এর মধ্যে নতুন গভর্নিং বডি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
কলেজের প্রিন্সিপালের দায়িত্বে থাকা শ্রীমতী পণ্ডিত বলেন, ছাত্রছাত্রীরা গভর্নিং বডি গঠন নিয়ে ডেপুটেশন দিয়েছে। ওরা কলেজের একটি রুমে তালাও ঝুলিয়ে দিয়েছে। কর্মসূচির জেরে স্বাভাবিক কাজকর্ম খানিকটা ব্যাহত হয়। প্রিন্সিপাল ন্যাকের একজন ভিজিটর। সেই কাজে দিল্লিতে গিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে গভর্নিং বডি নিয়ে আমি কোনও সিদ্ধান্ত নিতে পারি না। সেটাই ছাত্রছাত্রীদের জানিয়েছি।-নিজস্ব চিত্র