Bartaman Logo
১১ জুলাই, ২০২৬

বেলাইন থেকে রক্ষা রাজধানী ও কাঠগোদামের, লাইনে বড় কাঠের টুকরো, উত্তরপ্রদেশে বড় নাশকতার ছক

একটি নয়। এবার একযোগে দু’টি এক্সপ্রেস ট্রেন বেলাইনের চেষ্টা করল দুষ্কৃতীরা। প্রথমটি নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস।

বেলাইন থেকে রক্ষা রাজধানী ও কাঠগোদামের, লাইনে বড় কাঠের টুকরো, উত্তরপ্রদেশে বড় নাশকতার ছক
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একটি নয়। এবার একযোগে দু’টি এক্সপ্রেস ট্রেন বেলাইনের চেষ্টা করল দুষ্কৃতীরা। প্রথমটি নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। অন্যটি লখনউগামী কাঠগোদাম এক্সপ্রেস। ঘটনাস্থল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। সোমবার রাতে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যোগী রাজ্য উত্তরপ্রদেশের হরদোইয়ের কাছে সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। রেললাইন থেকে উদ্ধার হয়েছে কাঠের টুকরো এবং বিদ্যুতের তার। বিদ্যুতের তার দিয়ে বড়সড় ওই কাঠের টুকরো আপ ও ডাউন রেল লাইনের মাঝ বরাবর শক্ত করে বাঁধা ছিল। তার অবস্থান এমনই ছিল, ট্রেনের চাকা গড়ালেই বেলাইন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল পুরোমাত্রায়। অর্থাৎ, তীব্র গতিতে ছুটি আসা ট্রেন দু’টিই লাইনচ্যুত হলে একটি অপরটির ঘাড়ে উঠে পড়তে পারত। সেক্ষত্রে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকতো। 

Advertisement

যদিও প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট লোকো পাইলটদের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন রেল যাত্রীরা। তবে একযোগে দু’টো ট্রেনে নাশকতার চেষ্টায় স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি হয়েছে রেল যাত্রীদের মধ্যে। ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা পরও মঙ্গলবার রাত পর্যন্ত দুষ্কৃতীরা অধরাই রয়েছে। এই নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের একটি বৃহত্তর রুট রয়েছে বাংলার উপর দিয়ে। দিল্লি থেকে শিলিগুড়ি কিংবা কোচবিহার যাওয়ার উদ্দেশ্যে বহু মানুষ এই রাজধানী এক্সপ্রেসের টিকিট কাটেন। 
অর্থাৎ, ধরেই নেওয়া যায়, সোমবারও এই রাজধানী এক্সপ্রেসে বহু বাঙালি যাত্রী ছিলেন। উত্তরপ্রদেশের হরদোইয়ের কাছে লোকো পাইলট দেখতে পান, রেল লাইনে শক্ত করে বাঁধা আছে কাঠের টুকরো। মুহূর্তের মধ্যেই এমার্জেন্সি ব্রেক কষেন তিনি। তীব্র ঝাঁকুনির চোটে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই খবর দেওয়া হয় স্টেশনের রেল আধিকারিকদের। আসে আরপিএফ, জিআরপি। দায়ের হয়েছে এফআইআর। প্রথমে মনে করা হয়েছিল, ওই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। ফলে প্রাথমিকভাবে সেইমতোই পদক্ষেপ করতে শুরু করেন রেল আধিকারিকরা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় শুরুতেই যাবতীয় সাবধানতা অবলম্বন করা হয়। যদিও পরে দেখা যায়, ওই বিদ্যুতের তার শুধুমাত্র কাঠের টুকরো বাঁধার কাজেই ব্যবহৃত হয়েছে। রেল সূত্রের খবর, ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিষয়ে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। ইতিপূর্বেও একাধিকবার মেল, এক্সপ্রেস ট্রেন বেলাইন করার চক্রান্ত করেছে দুষ্কৃতীরা। পহেলগাঁও হামলার পর এই ব্যাপারে সতর্কতাও জারি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ