নয়াদিল্লি: সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান। ডিলিমিটেশন বিল বিতর্কের আবহে এই অনুষ্ঠানেও বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুকাঙ্ক্ষিত বিল পাশ নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। প্রবল চাপে পড়েছে বিরোধী কংগ্রেস। এমন একটি সময়ে ফের ‘নারাজ ফুফা’ তকমা দিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন মোদি। প্রয়াত শিল্পীকে প্রকৃত দেশপ্রেমিক ও মহান রাষ্ট্রবাদী বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেই নাম না করে বিরোধীদের খোঁচা দিয়েছেন মোদি। তিনি বলেছেন, কেউ কেউ সমাজে বিভাজনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছে। দেশের অগ্রগতিকে তারা স্বীকার করতে চায় না। এধরনের লোকজনকে ‘নারাজ ফুফা’ বা নারাজ পিসেমশায় বলে কটাক্ষ করেছেন মোদি। এই সব লোকজনদের ভূপেন হাজারিকার গান বারবার শোনা দরকার। এতে তাদের শুভবুদ্ধির উদয় হতে পারে। এদিকে, স্ট্যালিন ইন্ডিয়া জোটের আহ্বান প্রত্যাখ্যান করার পর বিজেপি নেতা বি ওয়াই বিজয়েন্দ্র রাহুলকে কটাক্ষ করে বলেছেন, ইটস ডান ব্রো।



