বিশেষ সংবাদদাতা, ইম্ফল: নিজেদের গ্রামে পুনর্বাসনের দাবিতে মণিপুরে পথে নামলেন বাস্তুহারা মেইতেই সম্প্রদায়ের হাজার হাজার লোকজন। জাতিগত হিংসার জেরে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল তাঁদের। তারপর তিন বছর পেরিয়ে গিয়েছে। এখনও নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা হয়নি। এজন্য রবিবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
বাস্তুহারা মেইতেইদের শীর্ষ সংগঠন ‘অ্যাপেক্স কমিটি অব মেইতেই আইডিপি’-র উদ্যোগে এই প্রতিবাদ মিছিল করা হয়। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো পরিবারগুলির দুর্দশার কথা তুলে ধরে সংগঠনের অভিযোগ, তাঁদের ঘরে ফেরানোর বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ করেনি। কেইশামপাত থেকে শুরু হওয়া মিছিলটি শেষ হয় থাংমেইবন্দের থাউ গ্রাউন্ডে। দুর্গতদের বক্তব্য, ‘বিপদের হাত থেকে বাঁচতে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছিলাম। অথচ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হল। আর কত প্রাণ গেলে টনক নড়বে সরকারের?’



