রাঁচি: ডিলিমিটেশন বিল নিয়ে ইন্ডিয়া শিবিরের ছন্নছাড়া দশা ক্রমশ প্রকট হচ্ছে। শারদ পাওয়ার এবং এম কে স্ট্যালিন আগেই বিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। আর ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এই নিয়ে সিদ্ধান্তের জন্য আরও ‘এক-দু’দিন’ সময় চেয়েছে। শনিবার রাজ্যসভার জেএমএম সাংসদ মহুয়া মাজি বলেন, ‘আমরা শুক্রবার রাতে বিলের কপি হাতে পেয়েছি। কপি পড়ে ঝাড়খণ্ডের জন্য বিলটি ইতিবাচক কি না, তা নিয়ে সকলকে মতামত দিতে বলেছেন দলের প্রধান হেমন্ত সোরেন। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তিনি মতামত জানাবেন।’ তাই আজ সোমবার বিল পেশের আগে জেএমএমের অবস্থান জানা যাবে না। এখন লোকসভার তিনজন ও রাজ্যসভার তিনজন সাংসদ রয়েছে জেএমএমের। ঝাড়খণ্ডের মোট ১৪টি লোকসভা আসনের মধ্যে পাঁচটিই তফসিলি উপজাতিদের (এসটি) জন্য সংরক্ষিত। ডিলিমিটেশন বিল অনুযায়ী, ৫০ শতাংশ আসন বাড়লে রাজ্যের আসন দাঁড়াবে ২১টি। তবে আনুপাতিক হারে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন বাড়বে কি না, সেই নিয়ে সংশয় ছিল জেএমএমের। সেই সংশয়ও দূর করেছে কেন্দ্র। রবিবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫০ শতাংশ আসন বাড়লে তফসিলি জাতি এবং উপজাতির জন্য সংরক্ষিত আসনও একই হারে বাড়বে। এই অবস্থায় জেএমএমের বিলকে সমর্থন করতে সমস্যা হবে না বলেই অভিমত রাজনৈতিক মহলের।
সময় কেনার কৌশল নিয়েছে বিজু জনতা দলও (বিজেডি)। তারা জানিয়েছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। এ ব্যাপারে চূড়ান্ত অবস্থান জানাবেন দলের সুপ্রিমো নবীন পট্টনায়েক। এখন রাজ্যসভায়
বিজেডির পাঁচজন সাংসদ রয়েছেন। লোকসভায় কোনো সদস্য নেই। সূত্রের খবর, সংসদে বিল পেশের পরই অবস্থান স্পষ্ট করবে বিজেডি। এ প্রসঙ্গে রাজ্যসভার বিজেডি দলনেতা মানস মঙ্গরাজ বলেন, ‘রাজ্যের স্বার্থের সঙ্গে আপস করা হবে না। সংসদীয় দল সব দিক খতিয়ে দেখে প্রেসিডেন্টের নির্দেশে কাজ করবে।’



