নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রায় নজিরবিহীনই। জন্মদিন অথবা কোনও ব্যক্তিগত শুভদিন কিংবা উৎসবে শুভেচ্ছা বিনিময় নয়। দুই দেশের দ্বিপাক্ষিক নীতি নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী এক বহুজাতিক কোম্পানির কর্তাকে ফোন করলেন। শুক্রবার টেসলা এবং স্পেস এক্স সংস্থার মালিক এলন মাস্কের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিজেই ওই ফোনের আলাপচারিতার সংবাদ জানিয়ে বলেছেন, প্রযুক্তি এবং প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে ভারত এবং আমেরিকা পরস্পরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। ভারত ও আমেরিকার প্রযুক্তিগত ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে বলেও মোদি জানিয়েছেন। যা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। কারণ এলন মাস্ক একজন শিল্পপতি। তাঁর বিখ্যাত ইলেকট্রিক গাড়ির কোম্পানি টেসলা ভারতে আসতে চলেছে। সম্প্রতি আমেরিকায় গিয়ে মাস্কের সঙ্গে পৃথক বৈঠক করেছেন মোদি। তারপরই ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আঘাত এসেছে। আপাতত শুল্ক কার্যকর হওয়ায় ৯০ দিনের স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্প নিলেও সেই সিদ্ধান্তের প্রভাবে এখনও অন্য দেশগুলির মতোই ভারত কম্পমান। ইউরোপ, কানাডা এবং চীন আমেরিকার বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছে। কড়া বিবৃতিও দিয়েছে। ভারত দেয়নি। বরং ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এলন মাস্ক আমেরিকার প্রেসিডেন্টের পরামর্শদাতা এবং ব্যয় কমানো সংক্রান্ত একটি দপ্তরের প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছেন। সরাসরি সরকারের অঙ্গ নন।



