নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৫০টিরও বেশি ভবন ভাড়া নিয়ে একাধিক মন্ত্রকের সচিবালয় ও অফিস চালানো হয়। প্রতিবছর শুধু ভাড়া বাবদই দেড় হাজার কোটি টাকা খরচ করতে হয় সরকারকে।’ সমাধানের জন্য কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট হিসাবে কর্তব্যভবনগুলি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে একই ছাদের তলায় কাজ করতে পারবে একাধিক মন্ত্রক ও দপ্তরগুলি। কর্তব্যপথে নয়া সচিবালয় (কমন সেক্রেটারিয়েট বিল্ডিং) কর্তব্যভবন ৩-এর উদ্বোধন করে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসাবে ১০টি সচিবালয় ভবন নির্মাণের পরিকল্পনা করেছে কেন্দ্র। বুধবার নয়াদিল্লিতে প্রথম ভবনটির উদ্বোধন করলেন মোদি। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামী দিনে দেশের অগ্রগতির অভিমুখ স্থির হবে এই ভবনগুলি থেকেই। বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক পরিচালিত হয় শাস্ত্রী ভবন, কৃষি ভবন, উদ্যোগ ভবন, নির্মাণ ভবনের মতো পুরনো বিল্ডিংগুলি থেকে। এগুলির নির্মাণের সময় ১৯৫০ থেকে ১৯৭০ সালের মধ্যে। সময়ের সঙ্গে এই ভবনগুলিতে প্রয়োজনের তুলনায় পরিকাঠামো ও স্থানাভাবের সমস্যা দেখা যায়।



