হায়দরাবাদ, ১১ সেপ্টম্বর: প্রেম করে বিয়ে। আর বিয়ের ঠিক পরের দিনই ভেঙে দেওয়া হল এক তরুণের বাড়ির একাংশ। তেলঙ্গানার যোগুলাম্বা গদওয়াল জেলায় এই ঘটনায় ফের সামনে এল জাতপাতের গোঁড়ামি এবং সামাজিক বিরোধিতার এক নির্মম ছবি। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীর বিয়ে মেনে নিতে না পেরেই তরুণের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তরুণীর আত্মীয়দের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায় তেলেঙ্গানার গদওয়াল রুরাল মণ্ডলের রেপল্লি গ্রামে। পুলিশ জানিয়েছে, ছেলেটি তফসিলি জাতি সম্প্রদায়ের এবং তরুণী অনগ্রসর শ্রেণির অন্তর্গত। দু’জনেই হায়দরাবাদে থাকতেন। সেখানেই তাঁদের পরিচয়, প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত। গত ৯ সেপ্টেম্বর তাঁরা বিয়ে করেন। আর তাঁদের এই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে পুলিশের দাবি। অভিযোগ, তরুণীর পরিবারের কয়েকজন আত্মীয় তাঁদের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ট্র্যাক্টর ব্যবহার করে তরুণের গ্রামের বাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়িটিতে অবশ্য গত কয়েক মাস ধরে কেউ থাকতেন না। দু’কামরার বাড়িটির একটি ঘর সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এক পুলিশ আধিকারিকের কথায়, তরুণ তাঁর পরিবারের সঙ্গে হায়দরাবাদে থাকতেন এবং গ্রামের বাড়িটি বেশ কিছুদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিয়ের বিরোধিতা থেকেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ভাঙচুরে ব্যবহৃত ট্র্যাক্টরটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।