নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের আমেরিকাগামী সব রকমের ডাক পরিষেবা চালু করতে চলেছে ডাক বিভাগ। তারা জানিয়েছে, আগামী কাল ১৫ অক্টোবর থেকে তা চালু হবে। প্রসঙ্গত, গত ২২ আগস্ট যোগাযোগ মন্ত্রকের তরফে বলা হয়েছিল, মার্কিন শুল্ক দপ্তর যে বিধি ঘোষণা করেছে, তা অস্পষ্ট। সেই কারণে আমেরিকাগামী বিমান সংস্থাগুলি শিপমেন্ট বহন করতে চাইছে না। ফলে ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের চিঠি, নথি ও উপহার ছাড়া বাকি সমস্ত ধরনের ডাক পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত হয় সেবার। দিন কয়েক পরেই ফের তারা বিজ্ঞপ্তি জারি করে জানায়, কোনও কিছুই আর ডাকযোগে আমেরিকা পাঠানো যাবে না। প্রসঙ্গত, গত ৩০ জুলাই মার্কিন প্রশাসনের ইস্যু করা এগজিকিউটিভ অর্ডারে (নম্বর ১৪৩২৪) বলা হয়, ১০০ ডলারের বেশি মূল্যের সামগ্রী এবার থেকে আমেরিকায় বহিঃশুল্কের আওতায় পড়বে। গত ২৯ আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হওয়ার কথা ঘোষণা করে তারা। এবিষয়ে আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) যে গাইডলাইন প্রকাশ করে, তাতে প্রক্রিয়াগত বহু অস্পষ্টতা ছিল। সেই কারণে আমেরিকাগামী বিমান সংস্থাগুলি জানিয়ে দেয়, ২৫ আগস্টের পর থেকে তারা আর পোস্টাল কনসাইনমেন্ট গ্রহণ করবে না।
ডাক বিভাগ জানিয়েছে, আমেরিকার নয়া বিধি পর্যালোচনা করে, দিল্লি এবং মহারাষ্ট্র সার্কেল থেকে পরীক্ষামূলক ডাক পরিষেবা চালু হয়। তা সফল হওয়ায়, ফের দেশজুড়ে ওই পরিষেবা চালু হচ্ছে। দপ্তরের কর্তারা বলছেন, আমেরিকার শুল্ক সংক্রান্ত নয়া নিয়ম এদেশের রপ্তানিকারী সংস্থাগুলিতে আগের তুলনায় শুল্কের বোঝা কমাবে। তাতে উপকৃত হবে রপ্তানিকারী সংস্থাগুলি।



