Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চল্লিশের বেশি গতি নয়, হাইওয়েতে স্পিডগান বসিয়ে সতর্ক করল পুলিস

শিলিগুড়ি-পানিট্যাঙ্কি রুটের গাড়ির দুর্ঘটনা রুখতে স্পিডগানের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা শুরু করল বাগডোগরা ট্রাফিক গার্ড

চল্লিশের বেশি গতি নয়, হাইওয়েতে স্পিডগান বসিয়ে সতর্ক করল পুলিস
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: শিলিগুড়ি-পানিট্যাঙ্কি রুটের গাড়ির দুর্ঘটনা রুখতে স্পিডগানের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা শুরু করল বাগডোগরা ট্রাফিক গার্ড। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা এদিন অভিযান চালিয়ে প্রায় ২৫টি দ্রুতগতিতে চলা গাড়ি আটক করে জরিমানা করেন। 

Advertisement

এশিয়ান হাইওয়ে-২ এর এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল নিত্যদিনের। মসৃণ মহাসড়কে যেন হাওয়ায় ভেসে গাড়ি চলে। কারও গতি ৮০, কেউ ৯০প্রতিঘণ্টা বেগে গাড়ি চালান। বাদ যায় না বাস, পণ্যবাহী গাড়িও। যেই কারণে প্রশাসনের পক্ষ থেকে এই মহাসড়কে ৪০ কিমি বেশি গতিতে গাড়ি চলার  উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজন্য বসানো হয়েছে সতর্কতামূলক বোর্ডও। কিন্তু, তাতে আমল না দিয়ে দ্রুত গতিতে চলাচল করে বাইক থেকে বাস। তবে চালকরা তা সঠিকভাবে মানছেন কি না, তা দেখতে বুধবার সকাল থেকে বাগডোগরা অদূরে সিংহিঝোরা চা বাগানের কাছে স্পিডগানের সাহায্যে গাড়ির গতির উপর নজরদারি চালায় ট্রাফিক কর্মীরা।
অভিযোগ, এই মহাসড়কে শিলিগুড়ি পানিট্যাঙ্কি রুটের বাসগুলি একে অপরকে রেষারেষি করে চলার ফলে দুর্ঘটনা বেশি ঘটে। এদিন আটক করা হয় এক বাসের চালককেও। প্রশান্ত রায় নামের ওই চালক জানান, দুর্ঘটনার দায় শিলিগুড়ি-পানিট্যাঙ্কি রুটের বাসগুলির নয়, শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কি পৌঁছতে পরিবহণ দপ্তর থেকে এক ঘণ্টা দশ মিনিট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৪০ কিমি বেগে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছনো কোনওভাবেই সম্ভব নয়। 
এদিকে দুর্ঘটনা এড়াতে এই ধরনের অভিযান চলবে বলে জানান বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায়। তিনি জানান, সময়সীমা কে বেঁধে দিয়েছে তা জানা নেই, তবে যে সমস্ত এলাকায় ট্রাফিক নিয়ম অনুযায়ী গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছে সেই গতিতে গাড়ি চালাতে হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ