Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

উড়ানের মুহূর্তেই বিমানে আগুন, আতঙ্কে তড়িঘড়ি নামলেন যাত্রীরা

ফের বোয়িং! টেকঅফের মুহূর্তে ধোঁয়ায় ঢেকে গেল রানওয়ে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার জেরে বিমানে আগুন ধরে যায়। বাতিল করতে হয় টেকঅফ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী।

উড়ানের মুহূর্তেই বিমানে আগুন, আতঙ্কে তড়িঘড়ি নামলেন যাত্রীরা
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০

ডেনভার: ফের বোয়িং! টেকঅফের মুহূর্তে ধোঁয়ায় ঢেকে গেল রানওয়ে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার জেরে বিমানে আগুন ধরে যায়। বাতিল করতে হয় টেকঅফ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী। শনিবারের এই দুর্ঘটনাটি আমেরিকার ডেনভার বিমানবন্দরের। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চালাচ্ছে ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বিমান সংস্থা জানিয়েছে, টায়ার নিয়ে সমস্যা হচ্ছিল। দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

Advertisement

আমেরিকার ঘড়িতে তখন সময় দুপুর ২টো ৪৫। উড়ানের প্রস্তুতি নিচ্ছিল আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট এএ-৩০২৩ (বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮)। গন্তব্য মায়ামি। উড়ানের কিছুক্ষণ আগেই ল্যান্ডিং গিয়ারের টায়ারে সমস্যা দেখা দেয়। মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরে যায়। ধোঁয়ায় ভরে যায় রানওয়ে। এই পরিস্থিতিতে সময় নষ্ট না করে যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন বিমানকর্মীরা। শুরু হয় প্রস্তুতি। তবে আগুনের শিখা দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আপৎকালীন দরজার সামনে থাকা স্লাইড দিয়েই তড়িঘড়ি নীচে নেমে আসেন তাঁরা। হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।
একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তিএক হাতে লাগেজ আর অন্যহাতে সন্তানকে চেপে ধরে নেমে আসছেন। কিন্তু টাল রাখতে না পেরে পড়ে যান তিনি। চোট পান ওই ব্যক্তি। এভাবে শিশুর সঙ্গে লাগেজ ব্যাগ টানায় সমালোচনায় সরব নেটিজেনরা।  তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বিকেল ৫টা ১০ নাগাদ আগুন নেভাতে সক্ষম হয় তারা। বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, ‘যাত্রী ও বিমানকর্মীদের অক্ষত অবস্থায় বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। আমাদের বিশেষজ্ঞদের টিম বিমানটিকে খতিয়ে দেখছে।’ এটাই অবশ্য প্রথমবার নয়। গত মার্চে ডেনভার থেকে ডালাসগামী একটি বিমানে আগুন ধরে যায়। কর্তৃপক্ষের তৎপরতায় প্রাণে বেঁচে যান ১৭২ জন যাত্রী ও ছ’জন বিমানকর্মী।  

সম্পর্কিত সংবাদ