Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠে স্থায়ী দমকল কেন্দ্র, চিহ্নিত জায়গা

জেলাশাসক বিধান রায় বলেন, খুব শীঘ্রই জায়গার স্কেচ করে রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে।

তারাপীঠে স্থায়ী দমকল কেন্দ্র, চিহ্নিত জায়গা
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: অবশেষে তারাপীঠে স্থায়ী দমকল কেন্দ্র গড়ে উঠতে চলেছে। আটলা গ্রামের এসবিএসটিসির নির্মীয়মাণ ডিপোর কাছাকাছি একটি সরকারি জায়গা স্থায়ী দমকল কেন্দ্রের জন্য চিহ্নিত করা হয়েছে। জেলাশাসক বিধান রায় বলেন, খুব শীঘ্রই জায়গার স্কেচ করে রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, আগেই টিআরডিএ অফিসের পাশে ছাউনি গড়ে অস্থায়ী দমকল কেন্দ্র করা হয়েছিল। 

Advertisement

তারাপীঠে পাঁচশোর কাছকাছি লজ, হোটেল ও রিসর্ট রয়েছে। নিত্যদিন হাজার হাজার পুণ্যার্থী এই সিদ্ধপীঠে আসা যাওয়া করেন। কিন্তু এখানে দমকল কেন্দ্র না থাকায় অগ্নিকাণ্ড বা বিপর্যয় ঘটলে ন’ কিমি দূরে রামপুরহাটের দমকল কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হতো। সেখান থেকে দমকলের গাড়ি আসতে সময় লাগলে অগ্নিকাণ্ড ভয়বাহ আকার ধারণ করত। অতীতে একাধিকবার অগ্নিকাণ্ড ও অন্য দুর্ঘটনার ক্ষেত্রে এ ধরনের অভিজ্ঞতা হয়েছে তারাপীঠের মানুষের। ২০১৯ সালের সেপ্টেম্বরে দমকল মন্ত্রীর কাছে তারাপীঠের এই সমস্যার কথা তুলে ধরে ফায়ার স্টেশন গড়ার প্রস্তাব দেয় টিআরডিএ। দমকল মন্ত্রী তাতে সায় দেন। কিন্তু কোভিডের কারণে জমি চিহ্নিত না হওয়ায় তা পিছিয়ে যায়। এরপর প্রথমে ঠিক হয়, ৫১ পীঠের জন্য চিহ্নিত জায়গায় দমকল কেন্দ্র করা হবে। কিন্তু তাতে ওই প্রকল্পের জায়গা কমে আসবে বলে আপত্তি তোলে টিআরডিএ। এরপর বিকল্প জায়গার খোঁজ শুরু হয়। এরই মধ্যে মাস কয়েক আগে অস্থায়ীভাবে দমকল কেন্দ্র করা হয়। রামপুরহাট থেকে একটি গাড়ি দেওয়া হয় তারাপীঠে। ওসি এবং কর্মী নিয়োগ হয়। এরই মধ্যে গত ৯ জানুয়ারি তারাপীঠের জন্য একটি গাড়ি বরাদ্দ করা হয়। সেই অস্থায়ী কেন্দ্র থেকেই পরিষেবা দিয়ে যাচ্ছিলেন কর্মীরা। অবশেষে পাঁচবছর পর স্থায়ী কেন্দ্রের জায়গা মিলল। 
তারাপীঠ দমকলের ওসি নীলাদ্রি মজুমদার বলেন, স্থায়ী কেন্দ্র না থাকায় ৫০০০ লিটার জলধারণ ক্ষমতাসম্পন্ন গাড়ি খোলা জায়গায় রাখতে হচ্ছে। তেমনি একটি রুমে যেখানে ছ’ জনের বেশি থাকা অসম্ভব, সেখানে ১৬ জন কর্মী থাকছেন। তারাপীঠ ঘিঞ্জি এলাকা। একটি ছোট গাড়ির খুবই প্রয়োজন। কিন্তু রাখব কোথায়। অবশেষে স্থায়ী জায়গা চিহ্নিত হয়েছে। কেন্দ্র গড়ে ওঠার পর এখানে গাড়ির পাশাপাশি কর্মীও বেড়ে যাবে। টিআরডিএর চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, স্থায়ী দমকল কেন্দ্রের জন্য জায়গা চিহ্নিত হয়েছে। আশাকরি তাড়াতাড়ি অনুমোদন মিলে যাবে এবং নির্মাণও শুরু হয়ে যাবে। দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে চলায় খুশি এলাকার মানুষ। তাঁরা বলেন, তারাপীঠে ফায়ার স্টেশন হলে রামপুরহাট ২ ও ময়ূরেশ্বর ২ ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ও লাগোয়া মুর্শিদাবাদের বহু গ্রামও উপকৃত হবে।  প্রতীকী ছবি

Advertisement
সম্পর্কিত সংবাদ