নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ছাব্বিশের নির্বাচনের আগে একাধিক বড় প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। জিন্দাল গোষ্ঠী এই প্রকল্পে ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে। এই প্রকল্প ঘিরে আশাবাদী প্রশাসনের আধিকারিকরাও। জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, এই পাওয়ার প্লান্ট তৈরি হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। এলাকার অর্থনীতি বদলে যাবে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান,আজ দুপুরে হেলিকপ্টারে শালবনীতে আসবেন মুখ্যমন্ত্রী। সেখানে জিন্দাল গোষ্ঠীর কর্তারা ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিক ও জন প্রতিনিধিরা থাকবেন। শিলান্যাস করে মুখ্যমন্ত্রী আকাশপথে অথবা সড়ক পথে সার্কিট হাউসে পৌঁছবেন। সেখানে জেলার পুলিস-প্রশাসনের সঙ্গে বৈঠকের সম্ভবনা রয়েছে। একইসঙ্গে জেলা তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে। আগামীকাল, ২২ এপ্রিল দুপুরে মেদিনীপুরের কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সাধারণ মানুষের হাতে সরকারি অনুদান তুলে দেবেন। জিন্দাল গোষ্ঠীর আধিকারিক দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, আজ অনুষ্ঠানস্থল থেকে গ্রামবাসীদের লাঞ্চের প্যাকেট দেওয়া হবে। তাছাড়া আলাদা করে মিষ্টি বিলিও হবে।



