নিজস্ব প্রতিনিধি, তমলুক: খেয়া পারাপারের সময় বাজ পড়ায় নৌকা থেকে ভরা নদীতে পড়ে গেলেন মাঝি। তারপর থেকেই তিনি নিখোঁজ। খেয়া পারাপারের জন্য নৌকায় চড়া যাত্রীরা প্রত্যেকেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। শুক্রবার দুপুর ২টো নাগাদ ময়না ও নন্দকুমার সংযোগকারী ট্যাংরাখালি-ঢেউভাঙা খেয়া পারাপারের সময় ওই ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই মাঝির নাম তন্ময় বর্মন। বছর ২১-এর ওই যুবকের বাড়ি ময়না থানার নারকেলদা গ্রামে। ঘটনার সময় জোয়ার চলে আসায় ওই মাঝি জলে ভেসে গিয়েছেন বলে অনুমান। ওই ঘটনার পরই বিষয়টি ময়না থানা, ব্লক প্রশাসনকে জানানো হয়। বিকেল থেকেই নদীতে নিখোঁজ মাঝির খোঁজে তল্লাশি শুরু হয়। যদিও সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি।
শুক্রবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বজ্রপাত হয়। যদিও অল্প সময়ের মধ্যেই আবহাওয়ার উন্নতি হয়। ওই সময় নন্দকুমারের টেংরাখালি থেকে চার-পাঁচজন যাত্রী নিয়ে একটি নৌকা ময়নার ঢেউভাঙার উদ্দেশে রওনা দিয়েছিল। নৌকার হাল ধরেছিল ২১বছর বয়সি তন্ময়। ঢেউভাঙা ফেরিঘাটে পৌঁছনোর কিছুটা আগে বাজ পড়ে। স্থানীয়দের অনেকেই বলছেন, নৌকার মধ্যে বাজ পড়েছিল। আবার কেউ কেউ বলছেন, নৌকার কাছাকাছি কোথাও বাজ পড়েছে। বিকট আওয়াজে নৌকায় বসে থাকা যাত্রীরা প্রত্যেকেই অজ্ঞান হয়ে পড়েন। নৌকার হাল শক্তহাতে ধরেছিলেন তন্ময়। ওই ঘটনার পরই তন্ময় নদীতে পড়ে যান। ওই ঘটনার পর নৌকাটি ঘাটের দিকে এগিয়ে যায়। স্থানীয় একজন ঘটনাটি লক্ষ্য করেন। যাত্রীদের পাড়ে এনে চোখে, মুখে জল দেওয়ার পর তাঁরা সুস্থ হন। এরপরই তন্ময়ের খোঁজ শুরু হয়। বাড়ির লোকজন কান্নাকাটি করে নদীপাড়ে চলে আসেন। ঘটনার খবর পেয়ে এলাকায় যান জেলা পরিষদ সদস্য অভিজিৎ আদক। হলদি, কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলনস্থল ঢেউভাঙা। এখানে জোয়ার ভাটা লেগে থাকে। জেলা পরিষদ থেকেই প্রতি বছর দুই ব্লকের সংযোগকারী এই ফেরিঘাটের নিলাম হয়। তন্ময়ের বাবা সন্দীপ বর্মন খেয়ার লিজ নিয়েছিলেন। তিনিই খেয়া পারাপার করেন। দুপুরে সন্দীপবাবু খেতে বাড়ি গিয়েছিলেন। সেই সময় ছেলে তন্ময় নৌকার হাল ধরেছিল। ওই ঘটনার পর নদীপাড়ে কাতারে কাতারে মানুষ ভিড় করে। জেলা পরিষদ সদস্য অভিজিৎবাবু বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দুপুরে খেয়া পারাপারের সময় বাজ পড়ে। তখনই নৌকা থেকে তন্ময় নদীতে পড়ে যায়। জোয়ারের সময় জলের স্রোতে ভেসে গিয়েছে। জেলা বিপর্যয় ব্যবস্থাপন অফিসার মৃত্যুঞ্জয় হালদার বলেন, ঘটনার পর আপদমিত্র কর্মীরা ঘটনাস্থলে যান। ওই যুবকের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। কোথাও পাওয়া যায়নি।