সংবাদদাতা, সিউড়ি: বেহাল রাস্তার জেরে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। আর সেই দুর্ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। মৃতের নাম গদাধর ভাণ্ডারি। অন্যদিকে, এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন প্রায় ১৮ জন যাত্রী। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির পাত্রাতে। আর সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি বীরভূমের গামারকুণ্ডু থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। পাত্রাতে রাস্তা খারাপ থাকার কারণ দুর্ঘটনার কবলে পড়েই ঘটেছে দুর্ঘটনাটি। জখমদের ভর্তি করা হয়েছে সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।



