রাঁচি: আচমকা ভেঙে পড়ল ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালে একাংশ। শনিবার জামশেদপুরের শাকচির এজিএস হাসপাতালে এই দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ডিসি অনন্যা মিত্তল জানিয়েছেন, ‘বিকেল ৪টে নাগাদ হাসপাতাল করিডরের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে পৌঁছয় উদ্ধারকারী দল।’ জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা চলাকালে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। মিত্তল জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। মৃতদের পরিবারপিছু এককালীন ৫ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার।



