নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছ’বছর আগে বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থীও হয়েছিলেন। তবে জিততে পারেননি। শুক্রবার পার্নো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন তৃণমূল ভবনে পার্নোকে দলে স্বাগত জানান তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। পার্নো বলেন, ‘আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আমার নতুন যাত্রা শুরু হল। ছ’বছর আগে যে ভুল করেছিলাম, তার সংশোধন করলাম। মানুষ মাত্রেই ভুল করে। আমিও বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম।’ তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, পার্নো মিত্র চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ডে আস্থা রেখে তৃণমূলে যোগদান করেছেন। এখন দেখার, ২০২৬ সালের বিধানসভায় পার্নো তৃণমূলের টিকিট পান কি না। ২০২১ সালে যে বরানগর কেন্দ্র থেকে পার্নো প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এখন সেখানে তৃণমূলের টিকিটে জয়ী বিধায়ক হলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।



