ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি: আসন্ন টি-২০ বিশ্বকাপে ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। এবার পাকিস্তানের ক্যাবিনেট বৈঠকে একথা জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলার কথা সরকারিভাবে এখনও আইসিসিকে জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে গত রবিবার প্রথম সমাজমাধ্যমে জানানো হয়েছিল। তারপরেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা ক্রিকেট বিশ্বে।
এবার পাক প্রধান মন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে মন্ত্রীসভার বৈঠকে জানিয়ে দিলেন, ‘আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে একটা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। অনেক ভেবেচিন্তে সব দিক বিবেচনা করেই আমরা ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ তার দাবি, যেভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে তা রাজনৈতিক। খেলাধুলোয় রাজনীতি হওয়া উচিত নয়। বাংলাদেশের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।
আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে গ্রুপ পর্বের এই ম্যাচ ছাড়াও পরবর্তী রাউন্ড বা ফাইনালেও দুই দল মুখোমুখি হতে পারে। ফাইনালেও ভারতের বিরুদ্ধে খেলতে হলে কী করবে, সে ব্যাপারে পাকিস্তান এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।