নিজস্ব প্রতিনিধি, বিধাননগর:‘ফাঁকা কলসি’, তাই আওয়াজও বেশি। অপারেশন সিন্দুরের পর এখন লাল রং দেখলেই বুক কাঁপচ্ছে পাকিস্তানের! বাস্তবে হাওয়া বের হওয়া বেলুন হলেও, সোশ্যাল মিডিয়ায় তারা এখন বাংলাদেশের মতোই ‘শক্তিমান’। ভারতের বিরুদ্ধে নিজেদের ‘সাফল্য’ তুলে ধরতে পুরনো ভিডিও, ছবি দিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল করছে পাকিস্তান। কোনও পোস্টে লিখছে, ভারতের রাফাল যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে পাকিস্তান! আবার অন্য পোস্টে লিখছে, পাকিস্তান হামলা করেছে অমৃতসরের সেনা ছাউনিতে! মৃত বহু! রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ছবিও ব্যবহার করছে তারা। এই ধরনের একাধিক ভুয়ো পোস্ট চিহ্নিত করেছে ভারত সরকার। ভুয়ো পোস্টের আসল সত্যও তুলে ধরে সতর্ক করেছে কেন্দ্র।
কী ধরণের ভুয়ো পোস্ট ছড়াচ্ছে পাকিস্তান? প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গোটা বিশ্বের কাছে নিজেদের ‘ইমেজ’ বাঁচাতে পাকিস্তান পরিকল্পিতভাবেই ভুয়ো পোস্ট করছে। সেগুলিতে ভিডিও এবং ছবি থাকায় দ্রুত ভাইরালও হচ্ছে। সেই পোস্টগুলিকে সামনে রেখে হম্বিতম্বি করছে যেমন ইসলামাবাদ, তেমনই তাদের নতুন বন্ধু বাংলাদেশও। ভারত সরকার বহু ভুয়ো পোস্ট তুলে ধরে, তার সত্যতাও সামনে নিয়ে এসেছে। যেমন, একটি পাকিস্তানি ভুয়ো পোস্টে ছবি দিয়ে বাহওয়ালপুরে ভারতের রাফাল যুদ্ধবিমানকে গুলি করে নামানোর কথা বলা হয়েছে। যার কোনও ভিত্তিই নেই। কারণ, ওই পোস্টে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা ভারতের মিগ-২১ এবং মিগ-২৯’এর পুরনো ছবি। প্রশিক্ষণের সময় ২০২১ সালে একটি পাঞ্জাবে এবং ২০২৪ সালের রাজস্থানের বারমের এলাকায় ভেঙে পড়েছিল। সেই পুরনো ছবিকেই রাফাল বলে দাবি করছে পাকিস্তানিরা। প্রসঙ্গত, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে প্রশ্ন করেছিল, আপনারা বলছেন, ভারতের পাঁচটি রাফাল শটডাউন করেছেন? তার প্রমাণ কোথায়? পাক প্রতিরক্ষা মন্ত্রী আমতা আমতা করে বলেন, সোশ্যাল মিডিয়াই সোর্স!
যে ভুয়ো পোস্টে বলা হয়েছে, পাকিস্তান হামলা করেছে অমৃতসরের সেনা ছাউনিতে, সেই ছবি হল ২০২৪ সালের একটি দাবানলের ছবি! আরও একটি ভুয়ো পোস্টে বলা হয়েছে, পাকিস্তানি সেনা শ্রীনগর বেসে হামলা করেছে। সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা ২০২৪ সালের খাইবার পাখতুনখাওয়ার একটি পুরনো ছবি। অপর একটি পাকিস্তানি ভুয়ো পোস্টে বলা হয়েছে, ভারতের ইউএভি ড্রোন পাকিস্তানের ঝান্ডপির গ্রামে গুলি করে নামানো হয়েছে। সেই ছবিটি হল, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের! ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিয়ে ডিআরডিও’র একটি ভুয়ো চিঠিও পোস্ট করে ভাইরাল করেছে পাকিস্তান।
অপর একটি পোস্টে বলা হয়েছে, এলওসিতে নিজেদের সেনা জওয়ানের দেহ উদ্ধারে সাদা পতাকা ওড়াচ্ছে ভারত! সেই পোস্টও ভুয়ো। সেই ছবিটি আসলে ২০১৯ সালের। নিজেদের জওয়ানের দেহ তুলতে পাকিস্তানই এলওসিতে ওই পতাকা উড়িয়েছিল।