লাহোর: ফের প্রকাশ্যে পাকিস্তান সরকার ও কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের সখ্যতা। মুম্বই হামলার মাস্টারমাইন্ডের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার রাজনৈতিক শাখার অফিসে গেলেন পাকিস্তানের মন্ত্রী। লাহোর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে ফয়সালাবাদে হাফিজের পাকিস্তানি মারকাজি মুসলিম লিগের প্রধান কার্যালয়। বৃহস্পতিবার সেখানেই যান পাক প্রধানমন্ত্রী শাহবাজের ঘনিষ্ঠ মন্ত্রী তালাল চৌধুরী। বারবার জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁদের যোগাযোগ অস্বীকার করেছে পাক সরকার। তার মধ্যেই মন্ত্রিসভার সদস্যের এই সফর পাক সরকারের মুখোশ খুলে দিল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, এদিন পিএমএমএলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তালাল। পিএমএমএল বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ইশ্যু নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিরতা ও গণতন্ত্র বিষয়ে দু’পক্ষই একমত।’ সাম্প্রতিককালে এই প্রথম পিএমএমএলের অফিসে সফরে গেলেন পাক সরকারের কোনও মন্ত্রী। এর আগে পাঞ্জাব বিধানসভার স্পিকার মালিক আহমেদ খান কাসুর জেলায় পিএমএমএলের র্যালিতে যোগ দিয়ে হাফিজের ভূয়সী প্রশংসা করেছিলেন।



