নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সিদ্ধান্ত ছিল জেলা সভাপতির নাম চূড়ান্ত হওয়ার আগেই প্রতিটি মণ্ডলের পদাধিকারীদের তালিকা ঘোষণা করা হবে। মণ্ডল সভাপতিদের মতামত নিয়ে জেলা সভাপতির নাম ঠিক হবে। কিন্তু সিদ্ধান্ত হওয়ার পরেও সেই লাইনে হাঁটতে পারল না বিজেপি নেতৃত্ব। বর্ধমান সাংগঠনিক জেলায় প্রায় অর্ধেক মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়নি। পূর্ব বর্ধমানের বিজেপির দু’টি সাংগঠনিক জেলা রয়েছে। দু’টির ক্ষেত্রেই একই অবস্থা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান সাংঠনিক জেলায় ৩৮টি মণ্ডল রয়েছে। তারমধ্যে এক মাস আগে ২২জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। কাটোয়া সাংগঠনিক জেলায় ১২টি মণ্ডলের সভাপতি এখনও গেরুয়া শিবির ঠিক করতে পারেনি।
বিজেপির এক নেতা বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা থাকায় অনেকেই সংগঠনের দায়িত্ব নিতে চাইছেন না। তাঁদের সঙ্গে নেতৃত্ব একাধিকবার কথা বলেছেন। তাতে লাভ হয়নি। আগের নির্বাচনগুলিতে তাঁরা দলের হয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছিলেন। কিন্তু ভোট মিটে যাওয়ার পর নেতৃত্ব আর তাঁদের খোঁজ নেয়নি। তাঁদের অনেকে সমস্যায় পড়ে নেতৃত্বর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেকে তাঁদের ফোন তোলেনি। সেই কারণে নতুন করে কেউ দায়িত্ব নিয়ে সংগঠনের কাজ করতে চাইছেন না।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, এবার মণ্ডল সভাপতি নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু, সাংগঠনিক দুর্বলতার কারণে অনেক মণ্ডলে নির্বাচন করা যায়নি। সম্পাদক মণ্ডলী নির্বাচন না হওয়া ওই মণ্ডলগুলির সভাপতি ঠিক করবে। রবিবার কোর কমিটির বৈঠক হয়েছে। পরের বৈঠকে বাকি মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা করা হবে। তবে তাঁরা অস্থায়ীভাবে দায়িত্ব পাবেন। প্রতি ছ’মাস অন্তর তাঁদের কাজের মেয়াদ বাড়ানো হবে। বর্ধমান সাংগঠনিক জেলায় সভাপতি বদল করা হয়নি। অভিজিৎ তা’কেই আবার ওই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কাটোয়া সাংগঠনিক জেলায় সভাপতির নাম রাজ্য নেতৃত্ব এখনও ঠিক করতে পারেননি। এই সাংগঠনিক জেলায় সভাপতি পদে নতুন মুখ আনা হতে পারে।
বর্ধমানের মতো কাটোয়া সাংগঠনিক জেলাতেও গেরুয়া শিবিরে দড়ি টানাটানি রয়েছে। দলের বড় অংশ এই সাংগঠনিক জেলায় সভাপতি পদে নতুন মুখ আনার পক্ষে সওয়াল করেছে। দলের আর এক নেতা বলেন, নেতৃত্বের দক্ষতায় পূর্ব বর্ধমানে সংগঠন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অনেক বুথ সভাপতির নামও তারা ঘোষণা করতে পারেনি। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতে তাদের অবস্থা শোচনীয়।
বিজেপি নেতা নরেশ কোনার বলেন, আশা করা যায়, কয়েক দিনের মধ্যেই বাকি মণ্ডলগুলির সভাপতিদের নাম ঘোষণা করা হবে। সম্পাদকমণ্ডলীর বৈঠকে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করার অধিকার নেতৃত্বের রয়েছে। দলের একাংশের দাবি, ইচ্ছে থাকলেও বেশ কয়েকটি মণ্ডলে বিজেপি নতুন মুখ আনতে পারেনি। ওই মণ্ডলগুলিতে বিকল্প ছিল না। বাকি মণ্ডলগুলিতে নেতৃত্ব অনেক চেষ্টা করেও নির্বাচনের মাধ্যমে মণ্ডল সভাপতি ঠিক করতে পারেনি।