নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমাদের পাড়া আমাদের সমাধান শিবির কোন এলাকায় কবে হচ্ছে, এই তথ্য সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে হবে। মঙ্গলবার সকালে ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের এই বার্তাই দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বাড়তি কী কী পদক্ষেপ নিতে হবে? এদিনের নির্দেশ অনুযায়ী, প্রচার বাড়াতে হবে। মানুষ যাতে জানতে পারেন যে তাঁদের এলাকায় কোথায় এবং কবে ক্যাম্প বসছে, দায়িত্বপ্রাপ্ত পদস্থ আধিকারিকদের শিবির চলাকালে ক্যাম্পেই থাকতে হবে। পৌঁছনো সহজ এমন এলাকায় শিবির করা বাধ্যতামূলক বলে দেওয়া হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে রাজ্যের এই কর্মসূচি। মঙ্গলবার পর্যন্ত ১৯০৩টি শিবির হয়েছে। জানা গিয়েছে, সেখানে প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ এসেছেন। এজন্য মুখ্যসচিবের তরফে জেলাশাসকদের শুভেচ্ছাও জানানো হয়েছে।



