নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের বদলে এখন যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠেই গা ঘামায় তিন প্রধান। কিন্তু মাঠের অবস্থা মোটেও ভালো নয়। শুধুমাত্র মোহন বাগানের স্লট বরাদ্দ রেখে বাকিটা নতুনভাবে মেরামত করা হচ্ছে। অতএব রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সেই সুপার কাপের প্রস্তুতি শুরু করল ইস্ট বেঙ্গল। শুক্রবার সন্ধ্যায় ফুটবলারদের নিয়ে মাঠে নামলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। তবে অনুপস্থিত রিচার্ড সেলিস। ট্রান্সফার উইন্ডোর পর ভেনেজুয়েলার ফুটবলারকে অনেক আশা করে সই করিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সেলিস প্রত্যাশাপূরণে ব্যর্থ। পাশাপাশি, চোট কাটিয়ে আনোয়ার আলির যোগদান স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আইএসএলের শেষ পর্বে ছিটকে গিয়েছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। এএফসি চ্যালেঞ্জ লিগেও তাঁর সার্ভিস পাননি অস্কার। সেক্ষেত্রে সুপার কাপের আগে আনোয়ারকে ম্যাচ ফিট করে তোলাই তাঁর লক্ষ্য। চলতি মরশুমে বারবার চোটে ভুগছেন তিনি। পায়ের পাতার হাড়ে চিড় ধরায় লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। রিহ্যাব করে মাঠে ফিরতে না ফিরতেই ফের ধাক্কা। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের স্কোয়াডেও ছিলেন না আনোয়ার। তবে শুক্রবার তাঁর কন্ডিশন দেখে খুশি মেডিক্যাল টিম।



