Bartaman Logo
১৫ জুন, ২০২৬

সংসদে শুভাংশুর মহাকাশ অভিযান নিয়ে আলোচনায় অংশই নিল না বিরোধীরা

রবিবারই দেশে ফিরেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। সোমবার তাঁকে সম্মান জানাতে বিশেষ আলোচনা হয় সাংসদে। তবে সেই আলোচনায় অংশ নেননি বিরোধী সাংসদরা।

সংসদে শুভাংশুর মহাকাশ অভিযান নিয়ে আলোচনায় অংশই নিল না বিরোধীরা
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রবিবারই দেশে ফিরেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। সোমবার তাঁকে সম্মান জানাতে বিশেষ আলোচনা হয় সাংসদে। তবে সেই আলোচনায় অংশ নেননি বিরোধী সাংসদরা। এই ঘটনায় বিরোধীদের সমালোচনায় মুখর বিজেপি। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরইমধ্যে কংগ্রেস সাংসদ শশী থারুর শুভাংশুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। ভারতীয় নভশ্চরের  অভিজ্ঞতা দেশের গগনযান অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।  এদিকে, এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন শুভাংশু।  

Advertisement

গত ২৪ জুন অ্যাক্সিয়ম-৪ অভিযানের সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দেন শুভাংশু। সঙ্গে ছিলেন ভিনদেশের আরও তিন নভশ্চর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের সফল অভিযান সেরে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন তাঁরা। আর এভাবেই ইতিহাস গড়েন শুভাংশু। প্রথম কোনও ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন তিনি। শুভাংশুর এই সাফল্য নিয়ে সংসদে এদিন বিশেষ আলোচনা হয়। এই অভিযান ভারতের নতুন অধ্যায়ের সূচনা বলে আলোচনায় মন্তব্য করেন এনডিএ সাংসদরা।  কেন্দ্রীয় মন্ত্রী 
জিতেন্দ্র সিং বলেন, এই ঘটনা ভারতের নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণায় আরও উৎসাহিত করবে। তাঁর কথায়, ‘দেশের প্রতিটা শিশু আজ শুভাংশু শুক্লা হওয়ার স্বপ্ন দেখছে।’  পাশাপাশি এদিনের আলোচনায় বিরোধীদের অংশ না নেওয়ার বিষয়টাকে কটাক্ষ করেন তিনি। বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভ থাকতেই পারে। কিন্তু শুভাংশু সম্পর্কে আলোচনায় অংশ না নিয়ে ভারতীয় নভোশ্চরের কৃতিত্বকেই অবজ্ঞা করলেন তাঁরা।’ একইভাবে সুর শোনা গিয়েছে রাজনাথের গলাতেও।  ভোটচুরি সংক্রান্ত বিষয়ে চর্চার দাবি খারিজ হওয়ার কারণে এদিন শুভাংশুর অভিযান নিয়ে  আলোচনায় বিরোধী সাংসদরা অংশগ্রহণ করেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ