Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাই মিটলেই আরও একপ্রস্থ রদবদল সংগঠনে, নজরে তৃণমূল নেতাদের আচরণ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনে রদবদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে দু’দফায় সাংগঠনিক পরিসরে রদবদল করা হয়েছে।

২১ জুলাই মিটলেই আরও একপ্রস্থ রদবদল সংগঠনে, নজরে তৃণমূল নেতাদের আচরণ
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনে রদবদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে দু’দফায় সাংগঠনিক পরিসরে রদবদল করা হয়েছে। আরও একপ্রস্থ রদবদল হতে চলেছে ২১ জুলাইয়ের সমাবেশ মিটলেই। তৃণমূল সূত্রের খবর, পরবর্তী রদবদলে জেলা ও রাজ্য ভিত্তিক বিভিন্ন পদে ব্যক্তিদের পরিবর্তন করা হবে। ওইসঙ্গে বেশকিছু নেতার আচরণ-ঔদ্ধত্য তৃণমূলকে বিড়ম্বনায় ফেলেছে। ওই নেতাদের বিষয়ে সর্বোচ্চ স্তর থেকে নজর রাখা হচ্ছে। যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।

Advertisement

যোগ্যতার মাপকাঠিতে সংগঠনে রদবদলের প্রক্রিয়া নিয়েছে তৃণমূল। যেহেতু সামনের বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই সংগঠনের জেলা থেকে রাজ্য পর্যায়ে অদলবদল ঘটিয়ে সংগঠনকে ঢেলে সাজার কাজ শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির। ১৬ মে তৃণমূল জেলা সভাপতিদের নামের তালিকা ঘোষণা করা হয়। তাতে তৃণমূলের ১১ জন জেলা সভাপতি এবং ১২ জন জেলা চেয়ারম্যান বদল করা হয়েছে। এরপর ২১ জুন দ্বিতীয় দফায় সাংগঠনিক রদবদল করে তৃণমূল। সেখানে যুব, মহিলা ও শ্রমিক সংগঠনে জেলাভিত্তিক রদবদল ঘটানো হয়েছে। এই তিন শাখায় জেলা সভাপতিদের ব্যাপক অদল-বদল ঘটিয়েছে দল। তৃণমূল সূত্রের খবর, এবার ব্লক ও টাউন সভাপতি পদে রদবদল ঘটানো হচ্ছে। যে-সমস্ত ব্লক ও টাউন সভাপতির বিরুদ্ধে দুর্নীতি, এলাকার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, জনসংযোগে ঘাটতির অভিযোগ এসেছে, তাঁদের বদল করা হচ্ছে। এক্ষেত্রে জেলাভিত্তিক সমীক্ষা করে রিপোর্ট নিচ্ছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের তরফেও জেলায় জেলায় খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া তৃণমূলের ছাত্র শাখায় জেলা ও রাজ্য কমিটিতে রদবদল হতে চলেছে বলে খবর। বেশ কয়েকজন নেতার সম্পর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে খবর এসেছে। কোথাও আর্থিক বিষয়, আবার কোথাও ওই নেতাদের ‘সর্বেসর্বা’ ভেবে অহংঙ্কারমূলক আচরণ। কিন্তু যে বা যাঁরা দলের থেকে নিজেদের ‘বড়’ মনে করছেন, তাঁদের কোনও অবস্থাতেই রেয়াত করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ওই নেতাদের সাসপেন্ড থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে। তৃণমূল নেতৃত্ব আপাতত ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এই কর্মসূচি মিটলেই বড়সড় রদবদল হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে তৃণমূল সূত্রে। ওইসঙ্গে ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে বিধায়ক এবং জেলা নেতাদের কলকাতায় ডেকে পাঠিয়ে বৈঠক হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ