নিয়ে নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়া জোটের বৈঠক না ডাকার জন্য নাম না করে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে, বিজেপি বিরোধী রাজনৈতিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ালেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স দলের শীর্ষ নেতা ওমর আবদুল্লা। তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়াতে গিয়ে তিনি বিজেপিকেও খোঁচা দিয়েছেন। তিনি বলেন, একটা সময় বিজেপি তো কাশ্মীরকে স্বর্গরাজ্য বলত। এখন তারাই আবার আক্রমণ করছে কাশ্মীর নিয়ে। তাহলে আগে যে ৮ বছর তারা এখানে রাজত্ব করেছিল, তার জন্য ক্ষমা প্রার্থনা করুক বিজেপি। আমরা তো মাত্র ৭ মাস ক্ষমতায় এসেছি। এদিন সাংবাদিক বৈঠকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গে আগামী বছরেই বিধানসভার নির্বাচন হবে। এখন বিজেপি অভিযোগ করছে, কাশ্মীরর মতো বাংলা উগ্রপন্থীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। আপনার কাশ্মীরকে বাংলার সঙ্গে জড়িয়ে যে তকমা বিজেপি দিচ্ছে, সে ব্যাপারে কি আপনি একমত? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেন ওমর আবদুল্লা। পশ্চিমবঙ্গ যে তাঁদের বন্ধু রাজ্য সেটাও বলেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে, কাশ্মীরের সঙ্গে বাংলাকে জড়িয়ে বিজেপি উগ্রপন্থা নিয়ে যে কথা বলছে তা যে নিন্দনীয়, সেটাই বুঝিয়ে দিয়েছেন ওমর আবদুল্লা।



