নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক জট কাটিয়ে শেষ পর্যন্ত আইএসএলে খেলার সম্মতি জানিয়ে দিল ওড়িশা এফসি। ফলে ভ্যালেন্টাইন ডে’তে (১৪ ফেব্রুয়ারি) ১৪ দলকে নিয়েই প্রতিযোগিতা শুরু করবে ফেডারেশন। উল্লেখ্য, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়ান এফসি, কেরল ব্লাস্টার্স, এফসি গোয়া ও মুম্বই শর্তসাপেক্ষে আগেই খেলতে রাজি হয়েছিল। তবে খরচ কমিয়ে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছিল তারা। এর মধ্যে মহানদীর পাড়ের ফ্র্যাঞ্চাইজি সবুজ সংকেত দিতে স্বস্তির হাওয়া দিল্লির ফুটবল হাউসে। সোমবার ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘ওড়িশা খেলার বিষয়ে সম্মতি জানিয়ে দিয়েছে। ফলে সব দলকে নিয়েই নির্ধারিত দিনেই শুরু হবে আইএসএল। এবার ক্লাব জোটের সঙ্গে গভর্নিং কাউন্সিলের বৈঠকে বাকি প্রক্রিয়া ঠিক হবে।’ অন্যদিকে, সূত্রের খবর, চলতি সপ্তাহেই আইএসএলের সূচি ঘোষণা হতে পারে।
সোমবার ক্লাবগুলির হোম ভেন্যু ঠিক করে ফেডারেশনকে জানিয়ে দেওয়ার কথা ছিল। অধিকাংশ ক্লাবগুলি তাদের অবস্থান জানিয়েছে। মোহন বাগান ও ইস্ট বেঙ্গল তাদের হোম ম্যাচ খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহন বাগান মাঠও বিকল্প হিসাবে পুরোপুরি তৈরি। অন্যদিকে, কিশোরভারতী ছাড়াও ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচের প্রস্তাব দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সংস্কারের পর ইস্ট বেঙ্গলের পরিকাঠামো প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি মহমেডান স্পোটিং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চায়। অন্য রাস্তায় হাঁটছে ইন্টার কাশী। গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএলে খেলার ছাড়পত্র আদায় করেছে তারা। সূত্রের খবর, ইন্টার কাশী সব অ্যাওয়ে ম্যাচ খেলবে বলেই জানিয়েছে ফেডারেশনকে। অন্যদিকে, পাঞ্জাব এফসি’র হোম গ্রাউন্ড হতে চলেছে নয়াদিল্লি। পাশাপাশি খরচ কমাতে ভেন্যু বদলাতে চায় মুম্বই।



