নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি নিয়ে রাজ্যের জারি করা নয়া বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশের পরও কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া চলছে। এমনই অভিযোগে দায়ের হওয়া মামলায় দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল হাইকোর্ট। মামলাকারীদের অভিযোগ, নির্দেশের পরও পোর্টাল এখনও খোলা রয়েছে। ১ জুলাই চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হবে। ভর্তির জন্য ওবিসি ‘এ’ এবং ওবিসি ‘বি’ সংরক্ষিত আসনে আবেদনপত্র চাওয়া হয়েছে। ইতিমধ্যেই জমা পড়েছে ৭২ হাজার আবেদনপত্র। কোর্টের নির্দেশ সত্ত্বেও ১৮ জুন থেকে আবেদনপত্র চাওয়া শুরু হয়েছে। এমনই অভিযোগ মামলাকারীদের। বিষয়টি আদালত অবমাননার শামিল বলে উল্লেখসহ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবীরা। মামলাটির দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাটির শুনানি বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ।



