নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতক স্তরে ভর্তির পোর্টাল খোলার ছ’দিনের মাথায় আবেদনের সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে ১১ লক্ষ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত আবেদন জমা পড়েছে ১১ লক্ষ ৪০ হাজার ৬৯৬টি। গত বছর এই সময়ে এর চেয়ে অনেক কম আবেদন জমা পড়েছিল। শুধু আবেদনই নয়, ইতিমধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন ২ লক্ষ ৩১ হাজার ৮৫৪ জন ছাত্রছাত্রী। এর পিছনে বিরাট অবদান রয়েছে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি চ্যাটবট ‘বীণা’র। নাম রেজিস্ট্রেশন এবং আবেদনে যে কোনও সমস্যায় ছাত্রছাত্রীরা এই চ্যাটবটটির সাহায্য নিচ্ছেন। তার ফলে একেবারেই মসৃণ হচ্ছে গোটা প্রক্রিয়া। উল্লিখিত সময় পর্যন্ত ২৩ হাজার ৬৭৩টি প্রশ্নের উত্তর দিয়েছে বীণা চ্যাটবট। ভিন রাজ্য থেকেও ১ হাজার ৬৫৮ জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই নাম নথিভুক্ত করে ফেলেছেন। অনলাইন পোর্টালের সাবলীল ব্যবহার এবং রাজ্যের উচ্চশিক্ষার মান এবং সুযোগ বৃদ্ধিকে এই তথ্য সিলমোহর দিচ্ছে বলেই বিকাশ ভবনের আধিকারিকদের দাবি।



