Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেসরকারি হাসপাতালে প্যাকেজের বাইরে এক টাকাও নয়, কড়া বিল আনছে রাজ্য সরকার

বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ঘটি-বাটি বিক্রি হওয়ার মতো অবস্থা হয় অনেকের। রোগ নির্ণয়ের জন্য নমুনা পরীক্ষা থেকে শুরু করে কোনও অসুখের ধারাবাহিক চিকিৎসা বা অপারেশন—বেসরকারি হাসপাতালে রয়েছে নির্দিষ্ট প্যাকেজের ব্যবস্থা।

বেসরকারি হাসপাতালে প্যাকেজের বাইরে এক টাকাও নয়, কড়া বিল আনছে রাজ্য সরকার
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা: বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ঘটি-বাটি বিক্রি হওয়ার মতো অবস্থা হয় অনেকের। রোগ নির্ণয়ের জন্য নমুনা পরীক্ষা থেকে শুরু করে কোনও অসুখের ধারাবাহিক চিকিৎসা বা অপারেশন—বেসরকারি হাসপাতালে রয়েছে নির্দিষ্ট প্যাকেজের ব্যবস্থা। অর্থাৎ, চিকিৎসার যাবতীয় খরচ একসঙ্গে করে আগেই জানিয়ে দেওয়া হয় রোগীর বাড়ির লোকজনকে। সেই প্যাকেজে তাঁরা সম্মত হলে তবেই শুরু হয় পরবর্তী প্রক্রিয়া। চিকিৎসার যাবতীয় খরচ যেখানে আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেখানে বাড়তি খরচের প্রশ্নই তো আসার কথা নয়! কিন্তু বাস্তব বলছে অন্য কথা! কোথাও বেড ভাড়া বাবদ খরচ বেশি দেখিয়ে, কোথাও বিভিন্ন টেস্ট, ওষুধের বিপুল খরচ দেখিয়ে প্যাকেজের বাইরেও টাকা নিচ্ছে বহু নার্সিংহোম। সেই মতো প্যাকেজের চেয়ে অনেক বেশি টাকা মেটাতে হচ্ছে রোগীর পরিবারকে। এই ধরনের অভিযোগ নির্মূল করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। চলতি বিধানসভা অধিবেশনেই আনা হচ্ছে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল। সূত্রের খবর, নার্সিংহোমগুলি প্যাকেজের বাইরে এক টাকাও যাতে বেশি নিতে না পারে, তা নিশ্চিত করতে কড়া আইনি সংস্থান থাকছে ওই বিলে। নিয়ম অমান্য করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার বিধানও থাকছে সেখানে। 

Advertisement

‘সেবা বিক্রি হয় না, সেবা দিতে হয়’— কয়েক বছর আগে বেসরকারি হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই কথা সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা ছিল, ‘আপনারা ব্যবসা করছেন করুন। কিন্তু অতিরিক্ত মুনাফার জন্য বিলের বহর বাড়াবেন না।’ তারপর থেকে বেসরকারি হাসপাতালগুলির দিকে কড়া নজর রেখে চলেছে স্বাস্থ্য কমিশন। এতসবের পরও চিকিৎসা খরচ নিয়ে, আরও নির্দিষ্টভাবে বললে প্যাকেজের বাইরে টাকা নেওয়া নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে আসছে। এক বিধায়কের হাসপাতালের বিল দেখে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিস্ময় প্রকাশ করেছেন। এই আবহে বেসরকারি হাসপাতালের বিলে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার স্বার্থে ‘দ্য ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট ২০২৫’ শীর্ষক বিল আনছে রাজ্য। সোমবার থেকে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। এই পর্বেই বিলটি বিধানসভায় আলোচনার জন্য আসবে বলে খবর। 
আম জনতার প্রশ্ন, প্যাকেজের বাইরেও টাকা নেওয়া হলে প্যাকেজের অর্থ কী? ছোটখাটো অপারেশনের ক্ষেত্রেও প্যাকেজের বাইরে বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোনও রোগীর নির্দিষ্ট রোগের চিকিৎসা চলাকালীন আনুষঙ্গিক অন্যান্য রোগের চিকিৎসা সংক্রান্ত বিল প্যাকেজের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগী বা তার বাড়ির লোকজন সময়মতো তা জানতেও পারছেন না। বিল মেটাতে গিয়ে মাথায় হাত পড়ছে তাঁদের। এর পাশাপাশি অপ্রয়োজনে আইসিইউ, ভেন্টিলেশনে রোগীকে রেখে দিয়ে বিল বাড়ানোর মতো অভিযোগ তো আছেই। প্রস্তাবিত বিল আইনে পরিণত হওয়ার পর এসব ক্ষেত্রে আম জনতা প্রভূত সুবিধা পাবে এবং তাঁদের দুর্ভোগ কমবে বলে আশাবাদী সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ