সংবাদদাতা, গঙ্গারামপুর: একুশে জুলাইয়ের সভায় যাওয়ার নাম করে দলীয় পাস নিয়ে ট্রেনে-বাসে কলকাতায় গিয়ে দীঘায় যাওয়া চলবে না,সাফ হুঁশিয়ারি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের। জেলা সভাপতি সুভাষ ভাওয়াল নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দিয়েছেন। কারণ, জেলার একাংশ নেতা-কর্মী শহিদ দিবসের পাস নিয়ে কলকাতায় পৌঁছে দীঘা ঘোরার পরিকল্পনা করেছেন বলে জানতে পেরেছে নেতৃত্ব।
জেলা তৃণমূল সভাপতি বলেন, আমরা জেলা থেকে বেশি নেতা, কর্মীকে কলকাতার শহিদ দিবসে নিয়ে যাব। দু’দিন দুটি ট্রেন বন্ধ থাকায় যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। সব জায়গায় কর্মীদের জানাচ্ছি, শহিদ দিবসের কর্মসূচি শেষ করে দীঘায় ঘুরুন, সমস্যা নেই। কিন্তু সভা এড়িয়ে দীঘা গেলে, দল তা মানবে না। আমরা সমাজমাধ্যমে বিশেষভাবে নজরদারি চালাব। সেটা কর্মীদের জানিয়েছি।
ইতিমধ্যে জেলা তৃণমূল ও ব্লক নেতৃত্ব একুশে জুলাইয়ের কর্মসূচি সফল করতে ছোট ছোট বৈঠক করছে। দেওয়াল লিখন করে প্রচার চলছে। তৃণমূলের শাখা সংগঠন কলকাতার কর্মসূচি সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছে। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১৯ এবং ২০ জুলাই বালুরঘাট থেকে কলকাতাগামী দুটি ট্রেন বন্ধ থাকে। যার জেরে কলকাতায় কর্মীদের নিয়ে যেতে চাপে পড়েছে তৃণমূল নেতৃত্ব। জেলা থেকে পাঁচটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস ভাড়া করা হবে। জেলা থেকে প্রায় ২৫ হাজার কর্মী, সমর্থককে কলকাতায় নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে। কিন্তু পাঁচটি বাসে কোনওভাবেই এত কর্মী নিয়ে যাওয়া সম্ভব না,তা জানে নেতৃত্ব। তাই চলছে যাতায়াতের আয়োজনের প্রস্তুতি।
বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, জেলা থেকে তৃণমূল কর্মীদের বলা হয়েছে, দীঘা যেতে চান যান, কিন্তু শহিদ দিবসের বাস বা ট্রেনের পাস নিয়ে দীঘা যাওয়া যাবে না। আমরা পাস নেওয়া কর্মীদের তালিকা সঙ্গে রাখব।