নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কোনও সরকারি স্কুল ভর্তির জন্য অতিরিক্ত ফি নিতে পারবে না। শিক্ষাদপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। পূর্ব বর্ধমানে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে জেলার কয়েকটি স্কুল অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষাদপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, আমার কাছেও এরকম কয়কটি অভিযোগ এসেছে। তারমধ্যে ভাতারের একটিও স্কুলও রয়েছে। নির্দিষ্ট ফি ছাড়া অতিরিক্ত টাকা কোনওভাবেই নেওয়া যাবে না। মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই আমজনতার নাভিশ্বাস উঠেছে। তারপর স্কুলগুলিও ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা নিলে অভিভাবকরা সমস্যায় পড়বেন। বিষয়টি নিয়ে কয়েক দিনের মধ্যে বৈঠক করা হবে।



