Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তোলাবাজির অভিযোগে উত্তপ্ত এনজেপি স্টেশন, ‘কাটমানি’ না দেওয়ায় গাড়িচালককে মারধর

পরে সমস্ত ট্যাক্সিচালক একত্রিত হয়ে ওই চালককে সিণ্ডিকেটের হাত থেকে বাঁচিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তোলাবাজির অভিযোগে উত্তপ্ত এনজেপি স্টেশন, ‘কাটমানি’ না দেওয়ায় গাড়িচালককে মারধর
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের তোলাবাজির অভিযোগে উত্তপ্ত নিউ জলপাইগুড়ি স্টেশন। স্ট্যান্ডে ‘কাটমানি’ না দেওয়াকে কেন্দ্র করে গাড়ি নিয়ে আসা এক যুবককে মারধর করে কয়েকজন তোলাবাজ সিন্ডিকেটের সদস্য। এমনকি, প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে সমস্ত ট্যাক্সিচালক একত্রিত হয়ে ওই চালককে সিণ্ডিকেটের হাত থেকে বাঁচিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগকারীদের দাবি, ওই স্ট্যাণ্ডের বেআইনি সিন্ডিকেট চালায় শাসকদলের মদতপুষ্ট কয়েকজন ‘দাদা’। যদিও তাদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শাসকদলের শ্রমিক সংগঠনের নেতারা। 

Advertisement

দিনকয়েক আগে স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বাইরে গিয়েছিলেন বিকি আগরওয়াল নামে এক যুবক। শনিবার সকালে তিনি স্ট্যান্ডে গাড়ি নিয়ে আসতেই কয়েকজন সিন্ডিকেট সদস্য ৪০০টাকা ‘কাটমানি’ দাবি করে বলে অভিযোগ। বিকি সেই টাকা দিতে অস্বীকার করলে, তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি ওই চালকের। এরপরই সেখানে থাকা বাকি চালকরা তাঁকে বাঁচান। ঘটনার পর অন্য গাড়ি চালকরাও ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরেই স্ট্যান্ডে এইভাবে কাটমানির নামে টাকা আদায় করা হচ্ছে। এ নিয়ে অনেক সময় মুখ খুললেও কেউ সাহস দেখাতে পারেনি। এবার ঘটনার চরমে পৌঁছনোয় সকলে মিলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, এই ঘটনাটি কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি। শিলিগুড়ি শহর ৩-এর আইএনটিটিইউসি সভাপতি সুজয় সরকার বলেন, যদি কেউ এমন ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তবে প্রশাসন তার কোমড়ে দঁড়ি পড়িয়ে নিয়ে যাক। আমাদের সংগঠনের নাম ভাঙিয়ে বেয়াদবি বরদাস্ত করব না।
বিকি বলেন, আমিও ওই এলাকায় কাজ করি। আমার গাড়িতে ভাড়া নিয়ে যেতে গেলেও এইভাবে সমস্যায় পড়তে হবে? অন্যায়ভাবে আমার থেকে টাকা দাবি করায় আমি তা দিতে অস্বীকার করি। এরপরই আমার ওপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা।  আক্রান্ত চালক। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ