নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: পুণ্যস্নানের সময় সাগরে ডুবে যাওয়ার ঘটনা এড়াতে এবার রিমোট কন্ট্রোলড লাইফবয় ওয়াটার ড্রোন মোতায়েন করছে রাজ্য। কোনও ব্যক্তির ডুবে যাওয়ার মতো পরিস্থিতি নজরে পড়লেই রিমোট কন্ট্রোলের সাহায্যে ওয়াটার ড্রোন পাঠিয়ে দেওয়া হবে বিপদে পড়া ব্যক্তির কাছে। তিনি সহজেই সেই ড্রোনের উপর উঠে পড়তে পারবেন। সঙ্গে সঙ্গে রিমোটের সাহায্যে ড্রোন টিকে পাড়ে নিয়ে এসে বিপদে পড়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে।
রিমোট কন্ট্রোলারে একটি স্ক্রিন রয়েছে। যেখানে অনবোর্ড ক্যামেরা থেকে লাইভ ভিডিও দেখা যায়। এর ফলে উদ্ধারকারীরা নিখুঁতভাবে ড্রোন পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। এই ড্রোনটি সর্বোচ্চ ১,০০০ কেজি বা ১ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম হওয়ায় একাধিক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকেও একসঙ্গে রক্ষা করার কাজে লাগানো যাবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি প্রতি সেকেন্ডে সাত মিটার গতিতে চলতে সক্ষম। ফলে একজন সাঁতারুর তুলনায় অনেক দ্রুত দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির কাছে পৌঁছে যাবে উদ্ধারকারী ওয়াটার ড্রোন। নিজস্ব চিত্র