নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে মসনদ দখলের লড়াই। গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে রাজ্যের প্রধান বিরোধী দলের অন্দরে শুরু হয়েছে নয়া সংঘাত। বিধানসভা ভোটে কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা কে, তা নিয়ে দলে মধ্যেই ‘অপ্রিয় প্রশ্ন’ মাথাচাড়া দিচ্ছে। সুনীল বনসল নাকি ভূপেন্দ্র যাদব, আসন্ন ভোটে কে বঙ্গ বিজেপিতে শেষ কথা বলবেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ২০২১ সালের ভোটে বিজেপির ভরাডুবির পর তৎকালীন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ‘বাংলা ছাড়া’ করা হয়। তারপরই ‘বুথ স্পেশালিস্ট’ সুনীল বনসলকে রাজ্য বিজেপির পর্যবেক্ষক নিয়োগ করেন অমিত শাহ। এদিকে, বিধানসভা ভোটের জন্য নির্বাচন কমিটির মাথায় বসানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে। গেরুয়া শিবিরের অন্দরে দু’জনই অমিত শাহের অতি ঘনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু এই দু’জনের ব্যক্তিগত সম্পর্ক মোটেও মসৃণ নয়। সেই সূত্রেই একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্য বিজেপির নেতারা। ভোটের সময় কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন? কাকে ধরলে ২০২৬ সালের ভোটে টিকিট নিশ্চিত হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির অন্দরে।
এই আবহে দলেরই একাংশের প্রশ্ন, বড় বড় কোচ এনে আদৌ কি কোনও লাভ হবে? খেলোয়াড়দের মান খারাপ হলে ফলাফল হতাশাজনক হওয়াই স্বাভাবিক। ক্ষমতা দখলের লড়াইকে অযথা জটিল করতে গিয়ে ২০২১-এর বিধানসভার পুনরাবৃত্তি হবে না তো? সেই চর্চাও শুরু হয়েছে। কারণ, নিচুতলায় কর্মীর অভাবে ভুগছে পদ্ম-পার্টি। অথচ একের পর এক কেন্দ্রীয় নেতাদের ভার চাপতেই আছে। বিজেপিতে নির্বাচন কমিটির চল রয়েছে বহু বছর ধরে। আগে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট বা লোকসভা নির্বাচনের সময় পর্যবেক্ষক এসেছেন। রাজনাথ সিং, অরুণ জেটলি, নির্মলা সীতারামনরা সেই গুরুদায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়। কিন্তু এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল থাকা সত্ত্বেও আলাদা করে কেন ইলেকশন কমিটিতে ভূপেন্দ্র যাদব ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে রাখা হল, তা নিয়ে নানা জল্পনা চলছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এতদিন সুনীল বনসলের নির্দেশই চূড়ান্ত ছিল। কিন্তু ভূপেন্দ্র যাদব নয়া দায়িত্ব পাওয়ার পর তৈরি হয়েছে সংঘাত। কারণ, তাঁর অধীনে থাকা নির্বাচন কমিটির হাতেই রয়েছে প্রার্থী বাছাই, ভোটের খরচ এবং নিবাচন কমিশন সংক্রান্ত যাবতীয় বিষয়। দলের মধ্যে প্রশ্ন, ভোটে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও তাঁর টিমের ভূমিকা তাহলে কী হবে?