Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরনো জাল কাফ সিরাপের বদলে পাচার হচ্ছে নতুন ব্র্যান্ড, উদ্ধার হাজার বোতল

বহুল প্রচলিত ব্র্যান্ডের কাফ সিরাপের পরিবর্তে ইদানীং নতুন এক ব্র্যান্ডের কাফ সিরাপ পাচার করা হচ্ছে বাংলাদেশে।

পুরনো জাল কাফ সিরাপের বদলে পাচার হচ্ছে নতুন ব্র্যান্ড, উদ্ধার হাজার বোতল
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বহুল প্রচলিত ব্র্যান্ডের কাফ সিরাপের পরিবর্তে ইদানীং নতুন এক ব্র্যান্ডের কাফ সিরাপ পাচার করা হচ্ছে বাংলাদেশে। পুরনো ব্র্যান্ডের কাফ সিরাপটি তৈরি বহু বছর আগেই বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি। তবুও ওই ব্র্যান্ডের স্টিকার লাগানো কাফ সিরাপই পাচার হতো সীমান্ত দিয়ে। এবার তার বদলে হাজারেরও বেশি বোতল নতুন এক ব্র্যান্ডের কাফ সিরাপ বাজেয়াপ্ত করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ও এসওজি।

Advertisement

রবিবার সন্ধ্যায় তারকনগর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯টি কার্টুনে মোট ১০৩৯ বোতল কাশির সিরাপ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এই সিরাপের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। সিরাপ পাচারের অভিযোগে মোট পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হল রেখা বিশ্বাস, রাজু অধিকারী, বিশ্বজিৎ বিশ্বাস, জিতু বিশ্বাস এবং সুদীপ মালাকার। ধৃতদের মধ্যে একজন মহিলা। তাঁদের সোমবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, অটোতে করে হাঁসখালি সীমান্তের দিকে ওই মাদকদ্রব্য পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি অটো রিকশ, একটি মোটর সাইকেল এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি কৃষ্ণগঞ্জ, চাকদহ, বানপুর, পুটিখালি ও ধরমপুরের বিভিন্ন এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নতুন কোম্পানির কাশির সিরাপ সম্পর্কে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে পুরনো ব্র্যান্ডের জাল কাফ সিরাপ পাচার করা হলেও, এবার একেবারে নতুন ব্র্যান্ডের সিরাপ উদ্ধার হওয়ায় উদ্বেগ বেড়েছে গোয়েন্দাদের। তাঁদের আশঙ্কা, পাচারচক্র এখন কৌশল বদলে নতুন নামে সিরাপ বাজারে ছাড়ছে, যাতে নজর এড়ানো যায়। প্রসঙ্গত, বছরখানেক আগে কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় বিশাল লোহার বাঙ্কারের ভিতর থেকে উদ্ধার হয়েছিল ৬২ হাজার ২০০ বোতল কাশির সিরাপ, যা তখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। বছর ঘুরতেই আবারও একই থানার অন্তর্গত এলাকা থেকে বিপুল সংখ্যক কাশির সিরাপের বোতল উদ্ধার হওয়ায় মনে করা হচ্ছে, সীমান্তবর্তী অঞ্চলে পাচারচক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা দু’পক্ষই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ