ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট আগেই ফ্রিজ করা হয়েছিল। আর এবার হাসিনার ব্যাংকের লকারও ভেঙে দিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশ নিয়েই মঙ্গলবার দু’টি ব্যাংকের তিনটি লকারের তালা ভাঙে দুদক। এর মধ্যে অগ্রণী ব্যাংকের দু’টি লকার থেকে মোট ৯ কেজি ৭০০ গ্রাম বা ৮৩২ ভরি সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী মিলেছে বলে দাবি করেছে দুদক। তবে পূবালী ব্যাংকের লকার থেকে শুধু চটের তৈরি একটি ছোটো ব্যাগ উদ্ধার হয়েছে। লকার খোলার সময় জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সেল সহ একাধিক বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তবে কমিশনের একটি সূত্রের দাবি, যে সমস্ত সোনার সামগ্রী পাওয়া গিয়েছে, তা হাসিনার একার নয়। তাঁর বোন রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ সহ পরিবারের একাধিক সদস্যের নামে ওই সমস্ত কিছু রাখা হয়েছিল। এর মধ্যে গয়নার পাশাপাশি সোনার তৈরি নৌকা, হরিণও রয়েছে। এদিকে, হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে গত সোমবার থেকে ‘বাংলাদেশ ঘেরাও’-এর ডাক দিয়েছে আওয়ামি লিগ। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত টানা এই কর্মসূচি পালন করা হবে বলে হাসিনার দলের তরফে জানানো হয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি অন্য মেট্রো সিটি, শহর এবং গ্রামেও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালের রায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছে আওয়ামি লিগ।



